আপত্কালে জনগণের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে চালের অভ্যন্তরীণ মজুদ বাড়াতে শুরু করেছে ভিয়েতনাম। এর অংশ হিসেবে আপাতত চাল রফতানি কমিয়ে আনতে চাইছে দেশটি। ভিতেনামের মিনিস্ট্রি অব ইন্ডাস্ট্রি অ্যান্ড ট্রেডের প্রস্তাব অনুযায়ী, পরবর্তী দুই মাসে চাল রফতানি কোটা বেঁধে দেবে দেশটি। নভেল করোনাভাইরাসের প্রকোপের কারণে এরই মধ্যে নতুন রফতানি চুক্তি সই থেকে বিরত রয়েছে ভিয়েতনামিজ চাল রফতানিকারকরা। খবর সিনহুয়া।

প্রধানমন্ত্রীর দপ্তরে জমা দেয়া দেশটির সরকারি খসড়া প্রস্তাবে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিল ও মে মাসে সর্বোচ্চ আট লাখ টন চাল রফতানি করতে পারে ভিয়েতনাম। মূলত নভেল করোনাভাইরাসের মহামারীর কারণে নাগরিকদের খাদ্য সুরক্ষা নিশ্চিত করতেই দেশটির এমন পরিকল্পনা।

এর আগে গত ২৪ মার্চ চাল রফতানি সাময়িক বন্ধ রাখার কথা জানিয়েছিল ভিয়েতনাম। এরপর নতুন কোনো রফতানি চুক্তি সই করেননি দেশটির রফতানিকারকরা।

গত বছর দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে ৭০ লাখ টন চাল রফতানি হয়েছিল, যা আগের বছরের তুলনায় ২ দশমিক ১৯ শতাংশ বেশি।