‘সুগার-ফ্রি’ নামে বিক্রি করা প্রোটিন ড্রিংকে চিনি থাকার অভিযোগ উঠেছে স্টারবাকসের বিরুদ্ধে। যুক্তরাষ্ট্রের কফিশপ চেইনটির বিরুদ্ধে এ নিয়ে মামলা হয়েছে। মামলায় বলা হয়, স্টারবাকসের আটটি প্রোটিন পানীয়তে বিভিন্ন মাত্রায় চিনি পাওয়া গেছে। অথচ এসব পানীয়কে ‘সুগার-ফ্রি’ হিসেবে বাজারজাত করছে প্রতিষ্ঠানটি। খবর এপি।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে ফেডারেল আদালতে গত শুক্রবার মামলাটি করা হয়। তিনজন ভোক্তার পক্ষে মামলাটি করে ক্লাস অ্যাকশন মামলা পরিচালনায় বিশেষায়িত আইন প্রতিষ্ঠান হ্যাগেনস বারম্যান। ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক ও ওয়াশিংটনের ওই তিন গ্রাহক স্টারবাকসের সুগার-ফ্রি প্রোটিন পানীয় কিনেছিলেন।

মামলায় বলা হয়, স্টারবাকসের একটি ১৬ আউন্সের সুগার-ফ্রি ক্যারামেল প্রোটিন মাচাতে ১৬ গ্রাম চিনি রয়েছে। একই পানীয়ের ২০ আউন্সের সংস্করণে রয়েছে ২১ গ্রাম চিনি। অন্যদিকে একটি রিজ'স পিনাট বাটার কাপে চিনির পরিমাণ ১১ গ্রাম। অর্থাৎ সুগার-ফ্রি হিসেবে বাজারজাত করা পানীয়তে চিনির পরিমাণ একটি জনপ্রিয় মিষ্টিজাতীয় খাবারের চেয়েও বেশি।

মামলায় বাদীপক্ষের অভিযোগ, সুগার-ফ্রি নাম ব্যবহার করে এসব পানীয়ের প্রচার করা ‘মিথ্যা, প্রতারণামূলক ও বেআইনি’।

তবে স্টারবাকসের দাবি, পানীয়গুলোয় থাকা চিনি প্রোটিনসমৃদ্ধ দুধ থেকে এসেছে। ড্রিংক তৈরির সময় আলাদা করে কোনো চিনি যোগ করা হয় না। এছাড়া স্বাদের জন্য ব্যবহার করা হয় সুগার-ফ্রি সিরাপ।