কভিডের বিপর্যয় কাটিয়ে সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতিতে পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় চলতি বছরের প্রথমার্ধে আবুধাবির জ্বালানি তেলবহির্ভূত বৈদেশিক বাণিজ্য রেকর্ড ১২ হাজার ৪০০ কোটি দিরহামে (৩ হাজার ৩৭০ কোটি ডলার) পৌঁছেছে।

দ্য ন্যাশনাল নিউজের খবর অনুসারে, জানুয়ারি-জুন সময়ে আবুধাবির জ্বালানি তেলবহির্ভূত বাণিজ্য গত বছরের একই সময়ের তুলনায় ১২ শতাংশ বেড়েছে। এ সময়ে অঞ্চলটির মোট রফতানি ২৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৯৫০ কোটি দিরহামে পৌঁছেছে। যখন আমদানি ৪ শতাংশ বেড়ে ৫ হাজার ১৫০ কোটি দিরহাম এবং পুনঃরফতানি ৬ শতাংশ বেড়ে ২ হাজার ৩০০ কোটি দিরহামে দাঁড়িয়েছে।

আমিরাতের শুল্ক বিভাগের তথ্য উদ্ধৃত করে আবুধাবি মিডিয়া অফিস জানিয়েছে, বছরের প্রথম ছয় মাসে মূল্যবান ধাতু ও রত্নপাথরের ব্যবসা ৪০ শতাংশ বেড়ে ১ হাজার ৭২০ কোটি দিরহামে উন্নীত হয়েছে। যখন সম্প্রচার সরঞ্জামের ব্যবসা ২৩ শতাংশ বেড়ে ১ হাজার ৭২০ কোটি দিরহামে পৌঁছেছে। এছাড়া সাধারণ ধাতু ব্যবসা ২২ শতাংশ বেড়ে ২ হাজার ৪৫০ কোটি দিরহামে দাঁড়িয়েছে।

প্রথমার্ধে আবুধাবির সবচেয়ে বড় ব্যবসায়িক অংশীদার ছিল সৌদি আরব। দেশটির সঙ্গে আমিরাতের ২ হাজার ৮৬০ কোটি দিরহামের বাণিজ্য সম্পন্ন হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় যা ৩ শতাংশ বেশি। এর পরই রয়েছে সুইজারল্যান্ড। দেশটির সঙ্গে আমদানি-রফতানি ২৬০ শতাংশ বেড়ে ৯৫০ কোটি দিরহামে উন্নীত হয়েছে। এছাড়া এ সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবুধাবির বাণিজ্য ২১ শতাংশ এবং চীনের সঙ্গে ৯ শতাংশ বেড়েছে।

আবুধাবি কাস্টমসের সাধারণ প্রশাসনের মহাপরিচালক রাশেদ আল মানসুরি বলেন, দ্রুত ও সঠিকভাবে পরিদর্শন এবং সম্পূর্ণ লেনদেনের সুবিধার্থে আমরা স্থল, সমুদ্র ও বিমানবন্দরের মাধ্যমে একটি কার্যকরী শুল্ক ব্যবস্থা তৈরি করেছি। এটি আমাদের বৈদেশিক বাণিজ্য বাড়িয়ে তুলতে সহায়তা করেছে।

তিনি বলেন, ডিজিটাল রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো নতুন প্রযুক্তিও শুল্ক খাতের দক্ষতা বাড়িয়েছে। এটি বৈশ্বিক বাণিজ্যের রাজধানী হিসেবে আবুধাবির মর্যাদা আরো বাড়িয়ে তুলছে।

সরকারি পদক্ষেপ ও উচ্চমূল্য কভিডজনিত মন্দা কাটিয়ে উঠতে আরব আমিরাতের অর্থনীতিকে সহায়তা করছে। গত বছর আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি ৩ দশমিক ৮ শতাংশ প্রসারিত হয়েছে। চলতি বছর ও ২০২৩ সালে যথাক্রমে ৫ দশমিক ৪ এবং ৪ দশমিক ২ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস দেয়া হয়েছে। বছরের প্রথম তিন মাসে দেশটির অর্থনীতি ৮ দশমিক ২ শতাংশ বেড়েছে। এদিকে গত বছর আবুধাবির জ্বালানি তেলবহির্ভূত অর্থনীতি ৪ দশমিক ১ শতাংশ বেড়েছিল। চলতি বছরের প্রথম প্রান্তিকে এটি ১৫ শতাংশ বেড়ে ৬ হাজার ১৫০ কোটি ডলারে উন্নীত হয়েছে।