২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিট দ্য প্রেস আয়োজনের মাধ্যমে ‘বিশ্বাস ও প্রগতির পঁচিশ বছর’ উদযাপন শুরু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। মঙ্গলবার (২২ অক্টোবর) অনুষ্ঠানটি এমটিবি টাওয়ারের স্যামসন এইচ চৌধুরী অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়, যেখানে সভাপতিত্ব করেন এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান। তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম।

সৈয়দ মাহবুবুর রহমান এমটিবির ২৫ বছরের পথ চলা নিয়ে আলোচনা করেন, যেখানে বাংলাদেশের ব্যাংকিং খাত ও অর্থনীতিতে ব্যাংকটির অবদানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘এমটিবির সাফল্যের মূল ভিত্তি হলো পারস্পরিক বিশ্বাস। বিগত পঁচিশ বছরে আমাদের অগ্রগতি ১৩ লাখের বেশি গ্রাহকের সঙ্গে গড়ে ওঠা দৃঢ় সম্পর্কের প্রতিফলন। ভার্চুয়াল ডেবিট কার্ড থেকে ডিজিটাল ন্যানো লোনের মতো উদ্ভাবনী সেবা প্রদান আমাদের ভবিষ্যৎ এগিয়ে নিয়ে যাবে।’

বর্তমানে এমটিবির রয়েছে ১২০টি শাখা, ৪১টি উপশাখা, ৩৩৬টি এটিএম (যার মধ্যে ২৮টিতে সিআরএম অন্তর্ভুক্ত), ৩ হাজার ১১৭টি পজ টার্মিনাল, ১৮২টি এজেন্ট ব্যাংকিং সেন্টার, ৩টি ক্যাশ ডিপোজিট মেশিন (সিডিএম), ৮টি এয়ার লাউঞ্জ এবং ৪টি ফরেন এক্সচেঞ্জ বুথ, যার পেছনে কাজ করছেন সাড়ে তিন হাজারেরও বেশি এমটিবিয়ান।

কর্মী, গ্রাহক ও স্টেকহোল্ডারদের অবদানের প্রতি স্বীকৃতিস্বরূপ সপ্তাহব্যাপী এ উদযাপন চলবে এমটিবি সেন্টার ও এমটিবি টাওয়ারসহ এমটিবির সব শাখা ও উপশাখা জুড়ে। —বিজ্ঞপ্তি