দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন দাম কার্যকর করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৬৯ হাজার ৮০৫ টাকা, ১৮ ক্যারেটের স্বর্ণ ১ লাখ ৪৫ হাজার ৫৪৩ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ২০ হাজার ৫১২ টাকায় বিক্রি করা হবে।

মঙ্গলবার (২২ এপ্রিল) অনুষ্ঠিত বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরবর্তীতে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।