বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) কর্মকর্তাদের এখন থেকে উন্নত ও আধুনিক এমপ্লয়ি ব্যাংকিং সেবা দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি চুক্তিবদ্ধ হয়। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া কমপ্লেক্স প্রাঙ্গণে স্থাপিত একটি এটিএম বুথ এ সময় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। বুথটি পোশাক শিল্প উদ্যোক্তা ও কর্মকর্তাদের রিয়েল টাইম ট্রানজেকশন এবং নগদ জমা ও উত্তোলন সুবিধা দেবে বলেও জানিয়েছে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।

ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এমপ্লয়ি ব্যাংকিং-সংক্রান্ত এ অংশীদারত্বের আওতায় বিজিএমইএর কর্মকর্তারা সুবিধাজনক ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। পাশাপাশি নিজেদের দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য অর্জনে সহায়ক বিভিন্ন আর্থিক সেবাও পাবেন। এসব সুবিধার মধ্যে রয়েছে প্রিভিলেজ স্যালারি অ্যাকাউন্ট, মাল্টি-কারেন্সি ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পার্সোনাল লোন, ডিপিএস ও এফডিসহ এমপ্লয়ি ব্যাংকিংয়ের বিশেষ সব সুযোগ-সুবিধা।

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান এবং বিজিএমইএর সভাপতি মাহমুদ হাসান খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম; ডিএমডি ও হেড অব ব্রাঞ্চ ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক শেখ মোহাম্মদ আশফাক এবং হেড অব ট্রানজেকশন ব্যাংকিং একেএম ফয়সাল হালিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিজিএমইএর পক্ষে ছিলেন সংগঠনটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনামুল হক খান; ভাইস প্রেসিডেন্ট (ফাইন্যান্স) মিজানুর রহমান; সেক্রেটারি জেনারেল মেজর জেনারেল (অব.) ড. মো. শহীদুল ইসলাম; ফাইন্যান্স কন্ট্রোলার মো. শামসুল আরেফিন এবং প্রধান প্রকৌশলী মো. সোরওয়ার্দী শিকদার।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিভিন্ন খাতের পেশাজীবীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করতে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কৌশলগত অংশীদারত্ব অব্যাহত রাখবে ব্র্যাক ব্যাংক কর্তৃপক্ষ।