চলতি অর্থবছরের প্রথম চার মাসে সিলেট কর অঞ্চলে লক্ষ্যের চেয়ে ৭৯ কোটি টাকা কম আয়কর আদায় হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, প্রতি বছর আদায়ের পরিমাণ বাড়লেও লক্ষ্যমাত্রা পূরণ করা প্রায়ই কঠিন হচ্ছে। সক্ষমতার তুলনায় বেশি লক্ষ্য নির্ধারণ করায় ঘাটতি দেখা দিচ্ছে।

গত অর্থবছর এ অঞ্চলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ৮৬২ কোটি টাকার বিপরীতে আদায় হয় ৬২৯ কোটি ৫৬ লাখ টাকা। আর চলতি বছর কর আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৯৬২ কোটি টাকা। এ অবস্থায় কর প্রদানে উৎসাহ বৃদ্ধি ও কর আদায় বাড়াতে সারা দেশের মতো সিলেটেও চলেছে সপ্তাহব্যাপী কর মেলা। মেলা শেষে কর আদায় হয়েছে ৪৫ কোটি ৭৮ লাখ টাকা।

সিলেট কর অঞ্চলের উপকর কমিশনার কাজল সিংহ বলেন, লক্ষ্যমাত্রা সবসময়ই অনেকটা বাড়িয়ে ধরা হয়। ফলে তা অনেক সময় পূরণ করা যায় না। তবে প্রতি বছরই সিলেটে কর আদায় বেড়েছে। গত অর্থবছরের প্রথম চার মাসে কর আদায় হয়েছিল ১২৭ টাকা। এবার ১৩ কোটি বেড়ে ১৪০ কোটি টাকা কর আদায় হয়েছে।

কর কমিশনার কার্যালয় সিলেটের কর্মকর্তারা বলছেন, সিলেট কর অঞ্চল স্থাপনের পর থেকে ১৮ বছরে এ অঞ্চল থেকে কর আদায়ের পরিমাণ বেড়েছে ১৩ গুণেরও বেশি।

২০০১ সালের ১ নভেম্বর সিলেট কর অঞ্চল গঠন করা হয়। প্রথম বছরে কর আদায় হয়েছিল ৪৭ কোটি ১৪ লাখ টাকা। ১৮ বছরে ৫৮২ কোটি ৪২ লাখ টাকা বেড়ে ২০১৮-১৯ অর্থবছরে কর আদায় হয় ৬২৯ কোটি ৫৬ লাখ টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, কর আদায়ের সঙ্গে সঙ্গে বেড়েছে করদাতার সংখ্যাও। কর প্রদান প্রক্রিয়া সহজীকরণের কারণে মানুষের মন থেকে করভীতি কাটছে। ফলে করদাতার সংখ্যা ও কর আদায়ের পরিমাণ বাড়ছে বলে দাবি কর্মকর্তাদের।

২০০১-০২ অর্থবছরে সিলেট কর অঞ্চলে আয়কর আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৪ কোটি টাকা। ওই অর্থবছর আদায় হয় ৪৭ কোটি ১৪ লাখ টাকা। সর্বশেষ ২০১৮-১৯ অর্থবছরে ৮৫২ কোটি ৯৮ লাখ টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও আদায়ের পরিমাণ ছিল ৬২৯ কোটি ৫৬ লাখ টাকা।

সিলেট কর অঞ্চলের কর কমিশনার রণজিত কুমার সাহা বলেন, এ অঞ্চলে কর আদায়ের পরিমাণ বাড়াতে, করদাতাদের উৎসাহিত করতে বিভিন্ন শ্রেণীতে করদাতাদের সম্মাননা দেয়া হচ্ছে। এছাড়া বাসাবাড়ি, অফিস ও ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে নতুন করদাতা শনাক্ত করার কাজ চলছে।