মারা গেছেন ভারতীয় ধনকুবের রাকেশ ঝুনঝুনওয়ালা। আজ রোববার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে রাকেশের বয়স হয়েছিল ৬২।

রাকেশ ভারতীয় শেয়ার বাজারের ‘বিগ বুল’ হিসেবে পরিচিত। তাকে ভারতের ‘ওয়ারেন বাফেট’ও বলা হয়।

দেশটির সংবাদমাধ্যম জানান, অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাকেশকে মৃত বলে ঘোষণা করেন। তার একাধিক শারীরিক সমস্যা ছিল। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি।

ফোর্বস সাময়িকীর দেয়া তথ্য অনুসারে, রাকেশের সম্পদের পরিমাণ ছিল ৫৫০ কোটি ডলার।

রাকেশের বাবা ছিলেন আয়কর কর্মকর্তা। ১৯৮৫ সালে কলেজে পড়াকালে মাত্র ৫ হাজার রুপি পুঁজি নিয়ে শেয়ার বাজারে যাত্রা শুরু করেন তিনি। ২০১৮ সালের সেপ্টেম্বরে সেই অঙ্ক বেড়ে হয় ১১ হাজার কোটি রুপি। বলা হয়, তিনি শেয়ার বাজারে বিনিয়োগে কখনোই ভুল করতেন না।

রাকেশ নানান ধরনের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ক’দিন আগেই তার পৃষ্ঠপোষকতায় আকাশে ওড়ে আকাশা এয়ারলাইন্সের বিমান।

সম্প্রতি তিনি একটি জুতা তৈরিকারী প্রতিষ্ঠানের শেয়ার কিনেছিলেন, সেটিও কয়েক দিনের মধ্যে সর্বোচ্চ দরে পৌঁছে যায়। এক দিনে রাকেশ লাভ করেন ২২১ কোটি রুপি।