জীবন বীমার মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যুদাবি ও প্রত্যর্পণ সুবিধার অর্থ পরিশোধের ক্ষেত্রে গ্রাহককে নতুন পলিসি কিনতে বাধ্য করা যাবে না। একই সঙ্গে পুরনো পলিসির দাবির অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে নেয়া বা সমন্বয় করাও নিষিদ্ধ করেছে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। সম্প্রতি জারি করা এক সার্কুলারে এসব নির্দেশনা দিয়েছে আইডিআরএ।
সার্কুলারে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে কিছু জীবন বীমা কোম্পানি বীমাগ্রহীতার মেয়াদোত্তীর্ণ দাবি, মৃত্যুদাবি ও প্রত্যর্পণ সুবিধার অর্থ পরিশোধের ক্ষেত্রে একই কোম্পানির নতুন পলিসি কেনার শর্ত আরোপ করছে। কোনো কোনো ক্ষেত্রে আগের পলিসির প্রাপ্য অর্থ থেকে নতুন পলিসির প্রিমিয়াম কেটে বা সমন্বয় করে অবশিষ্ট অর্থ গ্রাহক কিংবা নমিনিকে দেয়া হচ্ছে। এ ধরনের কার্যক্রম বিদ্যমান আইনি কাঠামোর সঙ্গে সংগতিপূর্ণ নয়।
আইডিআরএর নির্দেশনা অনুযায়ী, বীমা দাবির সম্পূর্ণ অর্থ আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে বীমাগ্রহীতা বা নমিনিকে পরিশোধ করতে হবে। দাবি পরিশোধের শর্ত হিসেবে নতুন পলিসি কেনানো কিংবা দাবির অর্থের সঙ্গে নতুন পলিসির প্রিমিয়াম সমন্বয়ের কোনো সুযোগ নেই। এ ধরনের কার্যক্রম আইন লঙ্ঘনের শামিল। এতে গ্রাহকের অসন্তুষ্টি ও স্বার্থহানি হওয়ার পাশাপাশি পুরো বীমা শিল্পের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
নির্দেশনায় আরো বলা হয়েছে, বীমা দাবি পরিশোধের সময় প্রাপ্য সম্পূর্ণ অর্থ এককালীনভাবে বীমাগ্রহীতা বা নমিনির ব্যাংক হিসাবে স্থানান্তর করতে হবে। এক্ষেত্রে প্রযোজ্য সরকারি রাজস্ব ছাড়া অন্য কোনো অর্থ বা ফি কেটে রাখা যাবে না।
মেয়াদোত্তীর্ণ বীমা দাবি পরিশোধে বিলম্বের ক্ষেত্রে নতুন পলিসি ইস্যুতে নিষেধাজ্ঞার বিধানও রাখা হয়েছে সার্কুলারে। আইন অনুযায়ী ৯০ দিনের মধ্যে দাবি পরিশোধে ব্যর্থ হওয়ার পর পরবর্তী ৩০ দিনের মধ্যে অর্থ পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ৩০ দিন সংশ্লিষ্ট গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যু করতে পারবে না ওই বীমা কোম্পানি। আর মেয়াদোত্তীর্ণ দাবির অর্থ ১২০ দিন বা তার বেশি সময় পরে পরিশোধ করা হলে, অর্থ পরিশোধের সর্বশেষ তারিখ থেকে পরবর্তী ১৮০ দিন একই গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যু করা যাবে না। তবে নির্ধারিত ৯০ দিনের মধ্যে মেয়াদোত্তীর্ণ বীমা দাবির সম্পূর্ণ অর্থ পরিশোধ করা হলে একই কোম্পানির ওই গ্রাহকের নামে নতুন পলিসি ইস্যুতে কোনো বাধা থাকবে না।
এ বিষয়ে মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ (পাভেল) বলেন, ‘জীবন বীমা খাতের জন্য এ সার্কুলার আইডিআরএর যুগান্তকারী একটি পদক্ষেপ। বীমা দাবি অর্থ সমন্বয় করে নতুন পলিসি করার কারণে অনেক পলিসি তামাদি হয়ে যেত। গ্রাহক প্রায়ই হয়রানির শিকার হতো। বীমার ওপর গ্রাহকদের নেতিবাচক ধারণা সৃষ্টি হতো। এ সার্কুলার এসব সমস্যা নিরসন করবে ও দীর্ঘমেয়াদে বীমা খাতের জন্য সুফল বয়ে আনবে।’










