বিশ্বের বিভিন্ন দেশে বড়দিনের আগে বিক্রয় মৌসুমের প্রস্তুতি শুরু হয় সেপ্টেম্বরে। মাসটি তাই সাধারণত খুচরা বিক্রেতাদের জন্য ভালো সময় হিসেবে ধরা হয়। তবে যুক্তরাজ্যে এবার সে চিত্র দেখা যায়নি। সেপ্টেম্বরে দেশটির খুচরা বিক্রি সাত বছরের মধ্যে সবচেয়ে দুর্বল ছিল। কভিড-১৯ মহামারীর সময়ের হিসাব বাদ দিলে ২০১৯ সালের পর এটাই ছিল সেপ্টেম্বরের সবচেয়ে কম বিক্রির রেকর্ড। খবর দি ইন্ডাস্ট্রি বিউটি।
বিডিওর হাই স্ট্রিট সেলস ট্র্যাকারের সর্বশেষ তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে বিভিন্ন বিবেচনাধীন খুচরা পণ্যের সমন্বিত বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় দশমিক ৩ শতাংশ কমেছে। ২০২৫ সালের সেপ্টেম্বরে এ খাতে বিক্রি বেড়েছিল ৩ দশমিক ১ শতাংশ।
অনলাইন বিক্রিতে পরিস্থিতি আরো শোচনীয় ছিল। দেশটিতে সেপ্টেম্বরে অনলাইনে বিক্রি কমেছে ১ দশমিক ১ শতাংশ। অন্যদিকে ২০২৫ সালের একই মাসে অনলাইন বিক্রি বেড়েছিল ৩ দশমিক ১ শতাংশ।
সেপ্টেম্বর সাধারণত যুক্তরাজ্যে খুচরা বাজারে বাড়তি চাহিদা তৈরি করে। স্কুল খোলার আগে কেনাকাটা ও শরতের জন্য নতুন পোশাক কেনার প্রবণতা এ সময় বিক্রি বাড়াতে সহায়তা করে। এবার এসব ক্ষেত্রেও প্রত্যাশিত চাহিদা দেখা যায়নি। সেপ্টেম্বরজুড়েই খুচরা বিক্রয় প্রবৃদ্ধি গত বছরের তুলনায় কম ছিল।
সৌন্দর্যপণ্য বিক্রির আলাদা তথ্য পাওয়া যায়নি। তবে ভোক্তা ব্যয়ের সামগ্রিক চিত্রেও দুর্বলতার ইঙ্গিত রয়েছে। বার্কলেস কনজিউমার স্পেন্ডের সর্বশেষ তথ্যানুযায়ী, আগস্টে ফার্মেসি, স্বাস্থ্য ও সৌন্দর্যপণ্য বিক্রি দশমিক ২ শতাংশ কমেছে। একই সময়ে এসব পণ্যে লেনদেনের পরিমাণ কমেছে ১ দশমিক ৭ শতাংশ।
বিডিও বলছে, ভোক্তাদের ওপর বাড়তে থাকা আর্থিক চাপের বিষয়টি স্পষ্ট হয়ে উঠছে। প্রয়োজনীয় নয় এমন পণ্য বা সেবায় কম ব্যয় করছেন তারা।
বিডিওর রিটেইল ও হোলসেল বিভাগের প্রধান সোফি মাইকেল বলেন, ‘বছরের শেষের গুরুত্বপূর্ণ মাসগুলোর আগে সেপ্টেম্বর সাধারণত বিক্রির জন্য ভালো ভিত্তি তৈরি করে। এবার উল্টো ভোক্তারা প্রয়োজনীয় নয় এমন খরচ কমিয়েছেন। অনলাইন বিক্রিও কমে যাওয়ায় বাজারের কঠিন পরিস্থিতি আরো স্পষ্ট হয়েছে।’
অন্যদিকে শীত মৌসুমে পরিবারগুলোর ব্যয় আরো বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। জ্বালানি বিল বাড়ার পাশাপাশি বৈশ্বিক পর্যায়ে চরম আবহাওয়ায় আগামী মাসগুলোয় খাদ্যপণ্যের দামও বাড়তে পারে। এতে পরিবারের মোট ব্যয়ের বড় অংশ প্রয়োজনীয় পণ্যেই চলে যাবে। ফলে অন্যান্য পণ্যে ব্যয়ের সুযোগ আরো কমতে পারে।










