দেশের ব্যাংকগুলোকে তাদের ব্যবসা কেন্দ্রসহ সব স্থাপনার নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনায় জীবন, সম্পদ ও গুরুত্বপূর্ণ দলিলের ক্ষতির প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দেশের সব ব্যাংকের শীর্ষ নির্বাহীর কাছে এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, সব ব্যাংক তাদের ব্যবসা কেন্দ্রসহ অন্যান্য স্থাপনার সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করবে। প্রয়োজনে বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে ব্যাংকের নিরাপত্তাব্যবস্থার ত্রুটিবিচ্যুতি চিহ্নিত করে সুপারিশ দেয়ার জন্য নির্দিষ্ট বিশেষজ্ঞ ব্যক্তি বা প্রতিষ্ঠান নিয়োগ করতে বলা হয়েছে। এছাড়া স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম, আগুন লাগার সংকেত দেয়ার জন্য ফায়ার অ্যালার্ম ও আগুন নেভানোর ব্যবস্থা কার্যকর রয়েছে কিনা, তা পরীক্ষা করে অগ্নিকাণ্ড প্রতিরোধের জন্য চারটি ব্যবস্থা নিতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক।

এ চার নির্দেশনা হলো, স্মোক ও হিট ডিটেকশন সিস্টেম এবং ফায়ার অ্যালার্ম কার্যকর করা; ফায়ার হাইড্রেন্ট, স্প্রিংকলার হেড ও ফায়ার এক্সটিংগুইশার স্থাপন; অগ্নিনির্বাপণ অনুশীলন বা মহড়ার আয়োজন ও স্থানীয়ভাবে সচেতনতামূলক প্রশিক্ষণ আয়োজন এবং অগ্নিনির্বাপণব্যবস্থা পরীক্ষার জন্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বা বিশেষজ্ঞ প্রতিষ্ঠানের মাধ্যমে জরিপ করে তাদের সুপারিশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ।

চিঠিতে ব্যাংকের স্পর্শকাতর স্থানসমূহ, যেমন সার্ভার কক্ষ ও প্রধান কার্যালয়ের আইটিসহ গুরুত্বপূর্ণ বিভাগে বিশেষ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। এ ছাড়া ব্যাংকের প্রধান কার্যালয়সহ শাখা অফিসগুলোর গুরুত্বপূর্ণ স্থান সার্বক্ষণিক সিসিটিভি ক্যামেরায় পর্যবেক্ষণের আওতায় রাখার জন্য বলা হয়েছে।