সরকারের নির্ধারিত মূল্যের চেয়েও কম দামে চামড়া কিনেছেন চাঁদপুরের ব্যবসায়ীরা। প্রতিটি চামড়া ৪৫০-৬০০ টাকায় ক্রয় করার সরকারি নির্দেশনা থাকলেও ব্যবসায়ীরা ৩০০ থেকে শুরু করে সর্বোচ্চ ৫০০ টাকায় কিনেছেন। অর্থ সংকটের কারণে খুচরা ব্যবসায়ীদের সংখ্যা এ বছর কমেছে। চামড়াও গত বছরের তুলনায় কম ছিল বলে জানিয়েছেন শহরের পালবাজারের চামড়া ব্যবসায়ীরা।

শহরের নাজির পাড়া, মাদ্রাসা রোড, ট্রাক রোড, নতুন বাজার এলাকার বেশ কয়েকজন চামড়া বিক্রেতা বলেন, গতকাল চামড়া ক্রয়ের জন্য দুপুরে কয়েকজন খুচরা ব্যবসায়ী এলেও বিকালে আর কেউ আসেননি। তবে তারা লাখ টাকার গরুর চামড়ার দাম হাঁকাচ্ছেন মাত্র ৩০০-৪০০ টাকা। আবার অনেকেই চামড়া বিক্রি করতে না পেরে এতিমখানা ও মাদ্রাসায় দিয়েছেন। চামড়া বিক্রি করতে না পেরে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আর ছাগলের চামড়া কোনো ব্যবসায়ী ক্রয় করতে আসেননি।

পাল বাজারের চামড়া ব্যবসায়ী আকবর গাজী বলেন, গত বছরের তুলনায় চলতি বছর চামড়ার বেচাকেনা কম। আড়তগুলোয় চামড়ার স্তূপ দেখলেই তা বোঝা যায়।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় গত সপ্তাহে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৪৭-৫২ টাকা নির্ধারণ করে। ঢাকার বাইরে ৪০-৪৪ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া খাসির চামড়া প্রতি বর্গফুট ঢাকায় ১৮-২০ টাকা, বকরির চামড়া প্রতি বর্গফুট ১২-১৪ টাকা নির্ধারণ করা হয়। ঢাকার বাইরে ও ঢাকায় বকরি ও খাসির চামড়ার দাম একই।