বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের দাম বেড়ে চার বছরের সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি পৌঁছেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে সরবরাহ সংকটের আশঙ্কায় গতকাল এ ধাতুর দাম উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০১৮ সালের পর এবারই অ্যালুমিনিয়াম সবচেয়ে বড় মাসিক প্রবৃদ্ধির পথে রয়েছে। খবর বিজনেস রেকর্ডার।

গত সপ্তাহান্তে ইরানি হামলায় মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ দুটি অ্যালুমিনিয়াম কারখানা বা স্মেল্টার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ দুটি কারখানা পরিচালনা করে অ্যালুমিনিয়াম বাহরাইন ও এমিরেটস গ্লোবাল অ্যালুমিনিয়াম। বিশ্ববাজারে অ্যালুমিনিয়ামের মোট সরবরাহের ৮ শতাংশ আসে এ অঞ্চল থেকে। তবে কারখানা দুটির বর্তমান পরিস্থিতি বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি।

লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) তিন মাস মেয়াদি অ্যালুমিনিয়ামের দাম ৩ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি টন ৩ হাজার ৫১০ ডলারে দাঁড়িয়েছে। লেনদেনের একপর্যায়ে এ দাম ৩ হাজার ৫২৬ ডলারে উঠেছিল, যা ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ। চলতি মার্চ মাসেই এ ধাতুর দাম ১২ শতাংশ বেড়েছে।

বিএনপি পারিবাসের কমোডিটি স্ট্র্যাটেজিস্ট ডেভিড উইলসন বলেন, ‘সেখানে আসলে কী ঘটেছে, সে বিষয়ে সুনির্দিষ্ট সংবাদের অপেক্ষায় রয়েছে বাজার। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। দামের এ পরিবর্তন কিছুটা ধীরগতিতে হচ্ছে। এর কারণ সম্ভবত বাজারের ব্যবসায়ীরা এখনো পরিস্থিতির গভীরতা সম্পর্কে পুরোপুরি নিশ্চিত হতে পারছেন না।’

বাজার বিশ্লেষকদের মতে, অ্যালুমিনিয়ামের দাম ৩ হাজার ৫৪৬ ডলার ছাড়িয়ে গেলে তা চার বছরের মধ্যে সর্বোচ্চ শিখরে পৌঁছবে। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর এ ধরনের পরিস্থিতি দেখা গিয়েছিল। বর্তমানে এলএমই নিবন্ধিত গুদামগুলোয় অ্যালুমিনিয়ামের মজুত ৪ লাখ ১৬ হাজার ৭৭৫ টনে নেমে এসেছে। জুলাইয়ের পর এটিই সর্বনিম্ন মজুত। মজুত কমে যাওয়ায় চলতি মাসে অ্যালুমিনিয়ামের বাজার বেশ চড়া রয়েছে।