বস্ত্র ও পাটমন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আম্বিয়ান্তে ফেয়ার এর জিএম উইস্টন পেরেইরা। শনিবার (২৭ জানুয়ারি) বস্ত্র ও পাট মন্ত্রীর ‘আম্বিয়ান্তে ফেয়ার’-এ অংশগ্রহণকারী উদ্যোক্তাদের পাশাপাশি আম্বিয়ান্তে ফেয়ার আয়োজকদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের অংশ হিসেবে এ সৌজন্য সাক্ষাতের আয়োজন করা হয়।

সাক্ষাৎকালে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উঠে আসে।

এ সময় মন্ত্রী বলেন, বিশ্বে বাংলাদেশ ২য় পাট উৎপাদনকারী দেশ। বাংলাদেশে অতি উন্নতমানের পাট উৎপাদিত হয়। বাংলাদেশের উদ্যোক্তারা পাট দিয়ে ২৮২ ধরনের বহুমুখী পাটজাত পণ্য উৎপাদন করছেন যা বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয়।

বস্ত্র ও পাট মন্ত্রী উইস্টন পেরেইরাকে বাংলাদেশে সফরের আমন্ত্রণ জানান। পেরেইরা বাংলাদেশের উন্নয়ন পরিদর্শনের আগ্রহ ব্যক্ত করেন। মন্ত্রী উইস্টন পেরেইরাকে বহুমুখী পাটজাত পণ্য উপহার দেন।

এর আগে পাটমন্ত্রী কার্ল মার্ক্সের স্মৃতি বিজড়িত ত্রিয়র শহরে কার্ল মার্ক্স জাদুঘর পরিদর্শন ও ভিজিটর বুকে স্বাক্ষর করেন।