যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে নতুন কর্মসংস্থান তৈরির গতি কমেছে। গত সেপ্টেম্বরে দেশটিতে নতুন করে যুক্ত হয়েছে ২৯ হাজার কর্মসংস্থান। এতে গত মাসে বেকারত্বের হার বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ শতাংশে। এর আগে বাজার বিশ্লেষকরা বেকারত্বের হার ৪ দশমিক ১ শতাংশ থাকার পূর্বাভাস দিয়েছিলেন। যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরো (বিএলএস) সম্প্রতি এ তথ্য প্রকাশ করেছে।
সরকারি তথ্যানুযায়ী, সেপ্টেম্বরে দেশটিতে মোট বেকারের সংখ্যা প্রায় ৭১ লাখে অপরিবর্তিত রয়েছে। গত মার্চ থেকে দেশটিতে বেকারত্বের হার একটি নির্দিষ্ট সীমার মধ্যেই থাকতে দেখা গেছে। খাতভিত্তিক তথ্যে দেখা যায়, স্বাস্থ্যসেবা খাতে নতুন ১৭ হাজার কর্মসংস্থান তৈরি হয়েছে। এছাড়া নির্মাণ খাতে ১১ হাজার ও উৎপাদন খাতে নয় হাজার কাজ যুক্ত হয়েছে। খবর আনাদোলু










