দ্য হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন লিমিটেড (এইচএসবিসি) বাংলাদেশ সম্প্রতি ইউরোমানি অ্যাওয়ার্ডসে ‘সেরা ট্রানজেকশন ব্যাংক’ শীর্ষক সম্মাননা পেয়েছে। এ স্বীকৃতি দেশের শীর্ষস্থানীয় ট্রানজেকশন ব্যাংক হিসেবে এইচএসবিসির ধারাবাহিক ও শক্তিশালী ভূমিকার প্রতিফলন। বাংলাদেশের বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি এইচএসবিসি ক্রস বর্ডার সাপ্লাই চেইনের জন্য ট্রেড ও ক্যাশ ম্যানেজমেন্ট অবকাঠামো আধুনিকীকরণে ভূমিকা রাখে। একই সঙ্গে ইউরোমানি এইচএসবিসিকে বিশ্বের সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক এবং এশিয়া, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও সিঙ্গাপুরের সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক হিসেবেও স্বীকৃতি দিয়েছে।

এ স্বীকৃতির পেছনে রয়েছে এইচএসবিসির সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেম, যার মাধ্যমে ক্রস বর্ডার ও অভ্যন্তরীণ লেনদেনকে একসঙ্গে যুক্ত করা যায়। এর অংশ হিসেবে সম্পূর্ণ কাগজবিহীন এবং রিয়েল টাইম ট্রেড ঋণ ও সরবরাহকারীদের পরিশোধের সুবিধার জন্য ট্রেডপে চালু করা হয়েছে। পাশাপাশি স্বয়ংক্রিয় সাপ্লাই চেইন ফাইন্যান্স (এসসিএফ) এবং রিসিভেবলস ফাইন্যান্স (আরএফ) সমাধান সংযুক্ত করা হয়েছে। যার মাধ্যমে গ্রাহকরা তাদের কার্যকরী মূলধন আরো দক্ষভাবে ব্যবস্থাপনা করতে পারছেন এবং সাপ্লাই চেইনকে আরো শক্তিশালী করতে সক্ষম হচ্ছেন।

ক্যাশ ম্যানেজমেন্টে এইচএসবিসি সরকারি ও করপোরেট ট্রেজারির সঙ্গে নিজেদের আরো সম্পৃক্ত করেছে। এর মধ্যে রয়েছে সরকারের স্বয়ংক্রিয় চালান (এ-চালান)। পাশাপাশি রিয়েল টাইম ব্যালেন্স, লেনদেন অনুসন্ধান এবং পেমেন্ট শুরু করার জন্য এপিআই চালু করা হয়েছে, যা গ্রাহকদের একাধিক অ্যাকাউন্ট দক্ষতার সঙ্গে পরিচালনা করে সরাসরি ইআরপি ও টিএমএস প্লাটফর্ম থেকে পেমেন্ট সম্পাদনের সুযোগ করে দিয়েছে।

এইচএসবিসি সিইও মো. মাহবুব উর রহমান বলেন, ‘এ স্বীকৃতি আমাদের ওপর গ্রাহকদের আস্থার প্রতিফলন এবং বাংলাদেশে বাণিজ্য ও লেনদেন আধুনিকীকরণের ক্ষেত্রে আমরা যে দীর্ঘ পথ অতিক্রম করেছি তার প্রমাণ।’—বিজ্ঞপ্তি