জুলাইয়ে উড়োজাহাজ সরবরাহে ধীরগতির কথা জানিয়েছে এয়ারবাস। সরবরাহ ব্যবস্থায় প্রতিবন্ধকতার কারণে ইঞ্জিন ছাড়াই আধা সমাপ্ত জেট কারখানা থেকে ছেড়ে দেয়া হয়েছে। তবে চীন থেকে বড় একটি ক্রয়াদেশ ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসাকে শক্তিশালী করেছে। অন্যদিকে সরবরাহ ব্যবস্থার ব্যাঘাতে বোয়িংয়ের উড়োজাহাজ সরবরাহও পাঁচ মাসের সর্বনিম্নে নেমেছে। যদিও দীর্ঘদিন পর ৭৮৭ ড্রিমলাইনারের সরবরাহ শুরু হওয়ায় ভবিষ্যৎ নিয়ে আশাবাদী মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। খবর রয়টার্স।
গত মাসে ৪৬টি উড়োজাহাজ সরবরাহ করেছে এয়ারবাস। এ সংখ্যা আগের মাসের ৬০টি এবং গত বছরের জুলাইয়ের ৪৭টির চেয়ে কম। সরবরাহ কমে যাওয়ায় পুরো বছরের পূর্বাভাসও সংশোধন করেছে ফরাসি নির্মাতা প্রতিষ্ঠানটি। ২০২২ সালে সংস্থাটি সরবরাহের পূর্বাভাস আগের ৭২০ থেকে কমিয়ে ৭০০ করেছে। এক্ষেত্রে সংস্থাটি সরবরাহ ব্যবস্থার সংকটকে দায়ী করেছে।
গত সপ্তাহে ফ্রান্সের টুলুজের কাছে এয়ারবাস সদর দপ্তরের বাইরে ইঞ্জিন ছাড়াই বেশ কয়েকটি নতুন সংযোজন করা এ৩২০নিও জেট পার্ক করা দেখা গিয়েছে। সংস্থাটি টুলুস ও জার্মানির হামবুর্গে ন্যারোবডি জেটগুলোর সিংহভাগ উৎপাদন করে।
চলতি বছরের প্রথম সাত মাসে এয়ারবাস ৩৪৩টি উড়োজাহাজ সরবরাহ করেছে। তবে রুশ এয়ারলাইনস অ্যারোফ্লটের জন্য নির্মাণ করা দুটি এ৩৫০ জেট বাদ দিয়ে নিট ৩৪১টি উড়োজাহাজ হস্তান্তর করেছে। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা নিষেধাজ্ঞার জন্য অ্যারোফ্লটের কাছে জেট সরবরাহ করতে পারেনি এয়ারবাস। সংস্থাটি এ উড়োজাহাজগুলোকে ২০২১ অ্যাকাউন্টে সরবরাহ হয়েছে হিসেবে লিপিবদ্ধ করেছিল। তবে সেগুলো এখনো ফ্রান্সে রয়ে গিয়েছে। পরবর্তী সময়ে প্রতিষ্ঠানটি অ্যারোফ্লটের ক্রয়াদেশ বাতিল করে। পাশাপাশি গত সপ্তাহে দুটি এ৩৫০ উড়োজাহাজ টার্কিশ এয়ারলাইনসের কাছে বিক্রির ঘোষণা দেয়। এগুলোই অ্যারোফ্লটের জন্য তৈরি করা হয়েছিল বলে শিল্প সূত্র জানিয়েছে। সংস্থাটি রুশ এয়ারলাইনসটির আরো চারটি এ৩৫০ উড়োজাহাজের ক্রয়াদেশ বাতিল করার কথা জানিয়েছে।
এদিকে গত মাসে বোয়িং ২৬টি উড়োজাহাজ সরবরাহ করেছে। এর মধ্যে ২৩টি ৭৩৭ ম্যাক্স ও তিনটি ওয়াইডবডির পণ্যবাহী জেট রয়েছে। এ নিয়ে বছরের প্রথম সাত মাসে ২১২টি ম্যাক্সসহ মোট সরবরাহ করা উড়োজাহাজ সংখ্যা ২৪২টিতে পৌঁছেছে। এ পরিসংখ্যানে উৎপাদন ত্রুটির কারণে দীর্ঘ ১৫ মাসের স্থগিতাদেশের পর শুরু হওয়া ৭৮৭ ড্রিমলাইনারের সরবরাহ অন্তর্ভুক্ত নয়। ২০২১ সালের মে মাসের পর মার্কিন সরকার গত সপ্তাহে প্রথম মডেলটি সরবরাহের অনুমোদন দিয়েছে। জুলাইয়ে মার্কিন নির্মাতার সরবরাহকৃত উড়োজাহাজের সংখ্যা আগের মাসে ৫১টির মোটামুটি অর্ধেক।








