নতুন অর্থবছর শুরুর প্রাক্কালে ১১ মাসে (২০১৯ সালের ২১ মার্চ থেকে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত) ইস্পাত রফতানির তথ্য প্রকাশ করেছে ইরান। দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, এ সময় ইরান থেকে আন্তর্জাতিক বাজারে শিল্প ধাতুটির রফতানি এক বছর আগের তুলনায় ২৮ শতাংশ কমেছে। খবর বিজনেস রেকর্ডার ও মেটাল বুলেটিন।
ইরানের সরকারি তথ্য অনুযায়ী, ২০১৯ সালের ২১ মার্চ থেকে চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত ১১ মাসে ইরান থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৬৫ লাখ টন ইস্পাত রফতানি হয়েছে, যা এক বছর আগের তুলনায় ২৮ শতাংশ কম।
মূলত মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানের ইস্পাত রফতানিতে এ পতন দেখা দিয়েছে বলে জানান খাতসংশ্লিষ্টরা। গত বছরের মে মাসের শুরুতে ইরানের ধাতব শিল্পকে টার্গেট করে নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা এ নিষেধাজ্ঞা ইরানের ইস্পাত শিল্পের প্রবৃদ্ধিতে বড় ধরনের ধাক্কা দিয়েছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশন (ডব্লিউএসএ) ও ইরান সরকারের বিভিন্ন প্রতিবেদনে এ অভিঘাতের চিত্র উঠে এসেছে।
তবে ডব্লিউএসএর প্রতিবেদনে বলা হয়েছে, রফতানিতে মন্দা ভাব বজায় থাকলেও গত বছর ইরানের ইস্পাত উৎপাদন খাতে ৩০ শতাংশ প্রবৃদ্ধির দেখা মিলেছে। যেখানে বৈশ্বিক ইস্পাত উৎপাদনে গত বছর ৩ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধি বজায় ছিল।








