পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের তাদের টাইলস প্লান্টের উৎপাদন লাইন-৪ পুনরায় চালু করেছে। তবে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন লাইন-৩ সাময়িকভাবে বন্ধ রয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানি জানিয়েছে, গত ২৫ আগস্ট চিঠির মাধ্যমে তারা জানিয়েছে টাইলস প্লান্টের চারটি উৎপাদন লাইনের মধ্যে লাইন-২ ও লাইন-৪-এর যন্ত্রপাতি ২৫ আগস্ট থেকে এক মাসের জন্য রক্ষণাবেক্ষণে থাকবে। ওই সময়ে বাকি দুটি লাইন (লাইন-১ ও লাইন-৩) উৎপাদন চালু রাখবে বলেও জানানো হয়েছিল।
এখন কোম্পানি জানিয়েছে, উৎপাদন লাইন-৪-এর কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। একই সঙ্গে গ্যাসের চাপ কম থাকায় উৎপাদন লাইন-৩-এর কার্যক্রম গত ১৪ অক্টোবর, ২০২৬ থেকে সাময়িকভাবে বন্ধ রয়েছে।
এ সাময়িক বন্ধের সময় টাইলস প্লান্টের বাকি দুটি লাইন (লাইন-১ ও লাইন-৪) উৎপাদন চালু রাখবে। পর্যাপ্ত গ্যাসের চাপ ফিরে এলে উৎপাদন লাইন-২ ও লাইন-৩-এর কার্যক্রম পুনরায় শুরু করার বিষয়টি জানানো হবে বলে কোম্পানি জানিয়েছে।
সর্বশেষ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে আরএকে সিরামিকস। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৯৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৫ টাকা ৩০ পয়সায়।
২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৪৪ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৭ টাকা ২৩ পয়সায়।
২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে আরএকে সিরামিকসের ইপিএস হয়েছে ১ টাকা ৪৪ পয়সা, আগের হিসাব বছরের যা ছিল ১ টাকা ৫৭ পয়সা। ৩১ ডিসেম্বর ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১৮ টাকা ২৯ পয়সায়।
আরএকে সিরামিকসের ঋণমান দীর্ঘমেয়াদে ‘এএ মাইনাস’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-২’। ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস পিএলসি (সিআরআইএসএল)।
২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত আরএকে সিরামিকস মধ্যপ্রাচ্যভিত্তিক রাস-আল খাইমার গ্রুপের একটি যৌথ উদ্যোগ। কোম্পানিটির অনুমোদিত মূলধন ৬০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪২৭ কোটি ৯৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৭৯ কোটি ৫০ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৪২ কোটি ৭৯ লাখ ৬৮ হাজার ৭০১। এর ৭২ দশমিক শূন্য ৮ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ১৩, বিদেশী বিনিয়োগকারীদের কাছে দশমিক শূন্য ৪ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ১০ দশমিক ৭৫ শতাংশ শেয়ার রয়েছে।










