যন্ত্রাংশের তীব্র সংকটের কারণে জনপ্রিয় এফ-১৫০ পিকআপ ট্রাকের উৎপাদন প্রায় এক সপ্তাহ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন গাড়ি নির্মাতা ফোর্ড মোটরস। ডেট্রয়েট অঞ্চলের ডিয়ারবর্ন ট্রাক প্লান্টে গত বৃহস্পতি-মঙ্গলবার পর্যন্ত সব ধরনের কাজের শিফট বাতিল করা হয়েছে।

ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, মূল সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন হওয়ায় এ পদক্ষেপ নিতে হয়েছে। ডিয়ারবর্ন কারখানার পাশাপাশি ফোর্ডের অন্যান্য প্লান্টেও এর প্রভাব পড়েছে। একই ধরনের যন্ত্রাংশের অভাবে কানসাস সিটি অ্যাসেম্বলি প্লান্টের বেশকিছু শিফট বাতিল করা হয়।

গত বছরের শেষের দিকে একটি অ্যালুমিনিয়াম সরবরাহকারী প্রতিষ্ঠানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে ফোর্ডের হাজার হাজার গাড়ির উৎপাদন ব্যাহত হয়। সে ধাক্কা সামলে ওঠার আগেই নতুন করে যন্ত্রাংশ সংকট তৈরি হলো। খবর রয়টার্স