আরো শতাধিক পণ্যের আমদানি কর কমাতে চলেছে যুক্তরাজ্য। বাণিজ্য সংযোগ
বাড়াতে এবং দরিদ্র দেশগুলোকে সুবিধা দিতে এ উদ্যোগ নিচ্ছে দেশটি। আগামী জানুয়ারিতে
ডেভেলপিং কান্ট্রিস ট্রেডিং স্কিম নামের এ পদক্ষেপ কার্যকর হবে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য থাকাকালীন দেশটি অংশ ছিল এমন একটি স্কিমের ওপর ভিত্তি করে এটি তৈরি
করা হয়েছে। দেশটিতে কম উত্পাদিত হওয়া জামাকাপড়, জুতা ও খাবারের মতো
পণ্যগুলো নিম্ন বা শূন্য শুল্কের সুবিধা পাবে। খবর বিবিসি।
বিশ্লেষকদের মতে, ব্রেক্সিট কার্যকরের পর থেকে বৈশ্বিক বাণিজ্য নিয়ে চাপে পড়ে যুক্তরাজ্য। এরপর
থেকেই দেশটি আঞ্চলিক বাণিজ্য জোট ও দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে জোর প্রচেষ্টা
চালাচ্ছে। এরইমধ্যে দেশটি বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে বা চুক্তি
প্রক্রিয়াধীন রয়েছে। এ অবস্থায় কর ছাড় দিয়েও বাণিজ্য সম্পর্ক বাড়াতে চাইছে লন্ডন।
নতুন উদ্যোগের মাধ্যমে ৬৫টি উন্নয়নশীল অর্থনীতির পণ্য কর ছাড়ের আওতায় আসবে। দেশটি আগে থেকেই এমন কিছু সুবিধা দিয়ে রেখেছে। ফলে উন্নয়নশীল দেশগুলো হাজার হাজার পণ্য শুল্ক ছাড়াই যুক্তরাজ্যে রফতানি করতে পারে। নতুন স্কিম কার্যকর হলে আফ্রিকার প্রায় ৯৯ শতাংশ পণ্য নিম্ন বা শূন্য করের সুবিধা পাবে।








