সেভর ইন্টারন্যাশনাল লিমিটেড এবং চায়নিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে বাংলাদেশের গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পে বাংলাদেশ-চীন বন্ধুত্বের প্রতীক হিসেবে বাংলাদেশ-চায়না গ্রিন টেক্সটাইল এক্সপো (বিসিজিটিএক্স) আয়োজনের লক্ষ্যে একটি সমঝোতা স্মারক (এম ও ইউ) স্বাক্ষর করেছে।

আগামী ২৩ থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিতব্য বিসিজিটিএক্স ২০২৫ ম্যান-মেইড টেক্সটাইল, গ্রিন ইনোভেশন ও সাস্টেইনেবল প্রযুক্তির মতো বিশেষায়িত খাতগুলোর জন্য একটি আদর্শ প্লাটফর্ম হিসেবে কাজ করবে।

আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকার বারিধারা কূটনৈতিক অঞ্চলে অবস্থিত সিইএবি অফিসে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম এবং সিইএবিয়ের টেক্সটাইল ও গার্মেন্টস শাখার সভাপতি গ ঝেনইউ এতে স্বাক্ষর করেন। এই অংশীদারিত্ব বাংলাদেশের টেক্সটাইল শিল্পে টেকসই ও সবুজ উদ্ভাবনে সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ও শিল্প সম্পর্ককে আরো দৃঢ় করবে।

অনুষ্ঠানে সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে আনিস খান, রোকেয়া নিশা, খালেদা আখতার এবং আশা নূর উপস্থিত ছিলেন। অন্যদিকে, সিইএবির পক্ষে উপস্থিত ছিলেন সাজেদা সুলতানা এবং আল আদিয়া।

সেভর ইন্টারন্যাশনাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফাইজুল আলম বলেন, ‘আমরা সিইএবিয়ের সঙ্গে যৌথভাবে কাজ করতে পেরে অত্যন্ত আনন্দিত। এই এক্সপো বাংলাদেশ ও চীনের বিভিন্ন স্টেকহোল্ডারদের একত্রিত করে টেক্সটাইল খাতে উদ্ভাবন ও টেকসই উন্নয়নকে ত্বরান্বিত করবে। এটি দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সবুজ প্রযুক্তির প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সিইএবিয়ের টেক্সটাইল ও গার্মেন্টস শাখার সভাপতি গ ঝেনইউ বলেন, ‘এই অংশীদারিত্ব টেকসই টেক্সটাইল সমাধান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশ-চীন ব্যবসায়িক সম্পর্ককে আরো শক্তিশালী করবে।’ বিজ্ঞপ্তি