রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর স্থানীয় বাজারে গমের সরবরাহ স্বাভাবিক ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশে গম রফতানি বন্ধ করে দিয়েছিল ভারত। দুই মাস বন্ধ থাকার পর দেশে কয়েক দফায় গম রফতানি করে নয়াদিল্লি। গতকাল বুধবার আখাউড়া স্থলবন্দরে পৌঁছায় নতুন চালান।

সংশ্লিষ্টরা জানান, ভারত সরকারের নিষেধাজ্ঞার আগে এলসি খোলা হয়েছিল এমন চালান এসেছে সম্প্রতি।

গতকাল বুধবার বিকেল ৫টা থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে গম আমদানি শুরু হয়। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত ভারত থেকে ১১টি ট্রাকে করে প্রায় ৩০০ টন গম বন্দরে পৌঁছায়। আজ বৃহস্পতিবার সকাল থেকে আরও চালান পৌঁছানোর কথা রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

আন্তর্জাতিক যুদ্ধ পরিস্থিতি ছাড়াও সম্প্রতি অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে রেল ও সড়ক যোগাযোগ বন্ধ থাকায় আগরতলা হয়ে বাংলাদেশে গম আমদানি বন্ধ হয়ে যায়। পরে সবকিছু স্বাভাবিক হলে গত ১ আগস্ট আগরতলা স্থলবন্দর হয়ে আখাউড়া স্থলবন্দর দিয়ে ফের গম রফতানি করে ভারত। এরপর মাঝে বন্ধ থাকে ১৬ দিন।

এ বিষয়ে মেসার্স খলিফা এন্টারপ্রাইজের প্রতিনিধি মো. মোজাম্মেল হক বলেন, গম আমদানি করেছে ইসলাম এগ্রোভেট লিমিটেড, কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করছে আমাদের প্রতিষ্ঠান। প্রতি টন গম আমদানি হয়েছে ৩৭০ মার্কিন ডলারে।

তিনি আরও বলেন, গম রফতানিতে ভারত সরকারের নিষেধাজ্ঞার আগে ২৫০০ মেট্রিক টন গম আমদানির জন্য এলসি খুলেছিল ইসলাম এগ্রোভেট। ওই এলসির প্রথম চালানে ১ হাজার টনের মধ্যে ৩০০ টন এসেছে গতকাল। সন্ধ্যা হয়ে যাওয়ায় বাকি ৭০০ টন গম বোঝাই ট্রাকগুলো আগরতলা স্থলবন্দরে আটকা পড়ে। এগুলো আজ সকালে আখাউড়া স্থলবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে। দুপুর থেকে খালাসের কার্যক্রম শুরু হবে।