নভেল করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশজুড়ে লকডাউন ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা সরকার। এর জের ধরে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশটির ব্যবসা-বাণিজ্য, মানুষের প্রাত্যহিক জীবন। তবে এর মধ্যে দেশটির খনিজ উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো সক্ষমতার ৫০ শতাংশ উত্তোলন কার্যক্রম চালিয়ে যেতে পারবে। দক্ষিণ আফ্রিকা সরকারের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।

গত ২৭ মার্চ দক্ষিণ আফ্রিকায় আনুষ্ঠানিকভাবে লকডাউন ঘোষণা করা হয়। চলতি মাসের শেষ পর্যন্ত তা চলার কথা রয়েছে। লকডাউনের কারণে দেশটির অনেক খনির কার্যক্রম গুটিয়ে নেয়া হয়েছে। বিশেষত শ্রমিক ও পরিবহন সংকটের জের ধরে ছোট ও মাঝারি খনিগুলো কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে। এ পরিস্থিতিতে খনিজ শিল্পের সংকট এড়াতে সক্ষমতার ৫০ শতাংশ উত্তোলন কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার।