নারায়ণগঞ্জের সোনারগাঁয় মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে জার্মানভিত্তিক (এমআইইজেড) টেক্সটাইল কেমিক্যাল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিএইচটির যাত্রা শুরু হয়েছে। গতকাল সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের কারখানাটি উদ্বোধন করেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী সদস্য আলী আহসান, মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা বিনতে মোস্তফা, সিএইচটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা চেয়ারম্যান ড. ফ্র্যাংক নওম্যান।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী নূরুল মজিদ বলেন, ‘‌রাজধানীর খুব কাছেই মেঘনা ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনের অবস্থান। মহাসড়কের পাশে হওয়ায় এখানে যাতায়াত ব্যবস্থা খুবই সহজ। সব ধরনের সুযোগ-সুবিধা এখানে রয়েছে। বাংলাদেশের অর্থনীতির একটি বড় অংশ টেক্সটাইল ইন্ডাস্ট্রির সঙ্গে সম্পর্কযুক্ত। সিএইচটি এখানে টেক্সটাইল ডাইস এবং কেমিক্যাল উৎপাদন করবে। এতে টেক্সটাইল খাতে আরো উন্নতি ঘটবে বলে আশা করি।’

তিনি আরো বলেন, ‘‌বাংলাদেশ সরকার ব্যবসাবান্ধব। বর্তমান সরকারের নানামুখী উদ্যোগের কারণে দেশ খুবই দ্রুত সব খাতে উন্নতি করছে। কভিড-১৯ মহামারীর সময়ও দেশে অর্থনীতির চাকা সচল ছিল। আমরা আশা করি, বিদেশী কোম্পানিগুলো এদেশে তাদের বিনিয়োগ বাড়াবেন। এজন্য সব ধরনের সুবিধা বর্তমান সরকার দিচ্ছে।’

সিএইচটির মহাব্যবস্থাপক (জিএম) প্রদীপ কুমার ধর সাংবাদিকদের জানান, জার্মানির বহুজাতিক প্রতিষ্ঠান জিএমবিএইচর অঙ্গপ্রতিষ্ঠান সিএইচটি। বিশ্বের কয়েকটি দেশে সিএইচটির কার্যক্রম চলমান রয়েছে। বাংলাদেশে এ প্রথম প্রতিষ্ঠানটি তাদের যাত্রা শুরু করেছে। ২ দশমিক ২ একর জমির ওপর নির্মিত সিএইচটি বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কারখানাটিতে টেক্সটাইল ডাইস ও কেমিক্যাল উৎপাদন করা হবে। পরীক্ষামূলক উৎপাদন কাজ শুরু হলেও কারখানাটি সম্পূর্ণভাবে উৎপাদনে যাবে এ মাসের শেষ দিকে। আগে যেসব কেমিক্যাল ইউরোপের বিভিন্ন দেশ থেকে আমদানি করতে হতো, সেসব কেমিক্যাল বাংলাদেশ থেকেই ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে অল্প সময়ের ব্যবধানে লোকাল কাস্টমার পাবেন।