ইউক্রেন বিশ্বের অন্যতম শীর্ষ শস্য রফতানিকারক দেশ। বিশেষত গম রফতানিকারক হিসেবে দেশটির আলাদা পরিচিতি রয়েছে। নভেল করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর মাঝে নিজস্ব খাদ্যনিরাপত্তা রক্ষায় প্রয়োজনে কৃষিপণ্যটির রফতানি বন্ধ করে দিতে পারে ইউক্রেন। দেশটির অর্থনীতিবিষয়ক মন্ত্রণালয়ের ডেপুটি মিনিস্টার তারাস ভায়স্টস্কি এ কথা বলেছেন। খবর রয়টার্স।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, করোনা পরিস্থিতির কারণে অভ্যন্তরীণ খাদ্য শৃঙ্খল রক্ষা ও মানুষের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে শস্যের বাড়তি মজুদের প্রয়োজন হতে পারে। এ কারণে প্রয়োজন হলে গম রফতানি বন্ধ করে দিতে আমরা প্রস্তুত। বিষয়টি নিয়ে এরই মধ্যে ট্রেডারদের সঙ্গে আলোচনা হয়েছে। তারাও সরকারের এ সিদ্ধান্তের সঙ্গে একমত। জরুরি পরিস্থিতি তৈরি হলে সরকারি আদেশে গম রফতানি সাময়িক বন্ধ রাখা হতে পারে।
প্রতি বছর ১ জুলাই ইউক্রেনে শস্যের রফতানি মৌসুম শুরু হয়। দেশটির সরকারি হিসাব অনুযায়ী, ২০১৯-২০ মৌসুমে এখন পর্যন্ত ইউক্রেন থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ১ কোটি ৮০ লাখ টন গম রফতানি হয়েছে। আগামী ৩০ জুন চলতি মৌসুম শেষ হবে। এর মধ্যেই দেশটি থেকে গম রফতানি দুই কোটি টন ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয় জানিয়েছিল। তবে নভেল করোনাভাইরাসের মহামারী পরিস্থিতিতে রফতানি সাময়িক বন্ধ করে দেয়া হলে এ লক্ষ্য পূরণে পিছিয়ে পড়বে দেশটি।








