মন্দা ভাব কাটিয়ে ২০১৮ সালে চাঙ্গা হয়ে উঠেছিল ব্রাজিলের ভুট্টা রফতানি খাত। তবে এক বছরের ব্যবধানে খাতটি ফের মন্দার মুখে পড়েছে। গত বছর দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি ১৪ শতাংশের বেশি কমেছে। মার্কিন কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর এগ্রিমানি ও বিজনেস রেকর্ডার।

ইউএসডিএর প্রতিবেদনের তথ্য অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শীর্ষ ভুট্টা রফতানিকারক দেশ ব্রাজিল থেকে গত বছর আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ কোটি ৬০ লাখ টন ভুট্টা রফতানি হয়েছে, যা আগের বছরের তুলনায় ১৪ দশমিক ২৯ শতাংশ কম। এর আগের বছর ব্রাজিলীয় রফতানিকারকরা সব মিলিয়ে ৪ কোটি ২০ লাখ টন ভুট্টা রফতানি করেছিলেন, যা আগের বছরের তুলনায় ৭৩ দশমিক ৮৮ শতাংশ বেশি। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি কমেছে ৬০ লাখ টন।

ব্রাজিলের ইতিহাসে ২০১৮ সালে সবচেয়ে বেশি ভুট্টা রফতানি হয়েছিল। তবে এক দশক ধরে (২০১০-১৯) দেশটির ভুট্টা রফতানিতে উত্থান-পতন বজায় ছিল। ২০১০ সালে ব্রাজিলের রফতানিকারকরা সাকল্যে ৮৪ লাখ ৪ হাজার টন ভুট্টা রফতানি করেছিলেন। পরের বছরই দেশটি থেকে কৃষিপণ্যটির রফতানি বেড়ে দাঁড়ায় ২ কোটি ৪৩ লাখ ৩৭ হাজার টনে। ২০১২ সালে ব্রাজিল থেকে ভুট্টা রফতানি আরো ২ দশমিক ৫১ শতাংশ বেড়ে দাঁড়ায় ২ কোটি ৪৯ লাখ ৪৮ হাজার টনে।

২০১৩ সালে এসে ব্রাজিলের ভুট্টা রফতানি ১৬ শতাংশ কমে ২ কোটি ৯ লাখ ৬৭ হাজার টনে নেমে আসে। ২০১৪ সালে দেশটি থেকে ৩ কোটি ৪৪ লাখ ৬১ হাজার টন ভুট্টা রফতানি হয়েছিল। ২০১৫ ও ২০১৬ সালে দেশটি যথাক্রমে ১ কোটি ৩৯ লাখ ৯৬ হাজার টন ও ৩ কোটি ১৬ লাখ ৪ হাজার টন ভুট্টা রফতানি করেছিল। ২০১৭ সালে দেশটি থেকে ২ কোটি ৪১ লাখ ৫৪ হাজার টন ভুট্টা রফতানি হয়েছে।