যুক্তরাষ্ট্রের ক্রেডিট কার্ড প্রতিষ্ঠান আমেরিকান এক্সপ্রেসের (অ্যামেক্স) মুনাফা বেড়েছে ২৮ শতাংশ। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির মুনাফা দাঁড়িয়েছে ৩৭১ কোটি ডলার। বার্ষিক ফি বৃদ্ধির পরও গ্রাহকদের বড় অংশ প্লাটিনাম কার্ড ব্যবহার অব্যাহত রেখেছেন বলে জানায় প্রতিষ্ঠানটি। পাশাপাশি কার্ডে গ্রাহকদের ব্যয়ও বেড়েছে।
নিউইয়র্কভিত্তিক প্রতিষ্ঠানটি জানায়, এককালীন আয় বাদ দিলে শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ৪ ডলার ৬৮ সেন্ট, যা বিশ্লেষকদের পূর্বাভাসকে ছাড়িয়ে গেছে।
গত বছর প্লাটিনাম কার্ডের বার্ষিক ফি ৬৯৫ থেকে বাড়িয়ে ৮৯৫ ডলার করে আমেরিকান এক্সপ্রেস। এর সঙ্গে কার্ডধারীদের জন্য নতুন কিছু সুবিধাও যুক্ত করা হয়।
এদিকে আয় বাড়লেও কর্মীসংখ্যা কমানোর পরিকল্পনা করছে অ্যামেক্স। তথ্যানুযায়ী, মোট কর্মীর ৫ শতাংশ বা প্রায় ৩ হাজার ৫০০ জনকে ছাঁটাই করা হবে। খবর ওয়াশিংটন পোস্ট










