আন্তর্জাতিক ড্রোন প্রতিযোগিতায় বিশ্বমঞ্চে বাংলাদেশের পতাকা তুলে ধরল ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়টির এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত স্টুডেন্ট আনম্যানড এরিয়াল সিস্টেমস (এসইউএএস) ২০২৬ প্রতিযোগিতায় বিশ্বে চতুর্থ স্থান অর্জন করেছে। এ সাফল্য উদযাপন উপলক্ষে গতকাল সকালে ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় এক সংবর্ধনা অনুষ্ঠান।
যুক্তরাষ্ট্রের ওকলাহোমার টালসায় অবস্থিত স্কাইওয়ে রেঞ্জে গত ১৪-১৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় এসইউএএস ২০২৬ প্রতিযোগিতা। প্রথমবারের মতো এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য অর্জন করে ইউআইইউয়ের এরিয়াল রোবোটিকস টিম।
এসইউএএস প্রতিযোগিতার ইতিহাসে ইউআইইউর এরিয়াল রোবোটিকস টিম (ইউএআরটি) প্রথমবারের মতো কোনো বাংলাদেশী দল পোডিয়ামে স্থান করে নিয়েছে। ২০০৩ সাল থেকে আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এসইউএএস প্রতিযোগিতায় এবারের আসরে ৮১টি দল অংশ নেয়। প্রতিকূল আবহাওয়ায় ২১টি দল ক্র্যাশের শিকার হলেও ইউআইইউর ইউএআরটি কৌশলগত ও প্রযুক্তিগত দক্ষতায় সফলভাবে মিশন সম্পন্ন করে বিশ্বে চতুর্থ স্থান অর্জন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. মো. আবুল কাশেম মিয়া বলেন, ইউআইইউর শিক্ষার্থীদের এই সাফল্য তাদের মেধা, কঠোর পরিশ্রম, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতার উজ্জ্বল বহিঃপ্রকাশ। এটি বাংলাদেশের উচ্চশিক্ষা ও তরুণ প্রজন্মের সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।
ইউএআরটির মেন্টর ও কম্পিউটার সায়েন্স বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ড. রিয়াসাত আজিম বলেন, ইউএআরটির বিশ্বে চতুর্থ স্থান অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও পরামর্শকদের দীর্ঘদিনের পরিশ্রম, প্রযুক্তিগত দক্ষতা, সৃজনশীলতা এবং দলগত প্রচেষ্টার ফল। একইসঙ্গে এই অর্জন অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার প্রতি ইউআইইউ’র ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।
সংবর্ধনা অনুষ্ঠানে ইউআইইউর শিক্ষক, শিক্ষার্থী, ইউএআরটি দলের সদস্য, বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।— সংবাদ বিজ্ঞপ্তি










