৭৮৭ ড্রিমলাইনার উড়োজাহাজ সরবরাহ আবারো চালু করার ছাড়পত্র পেয়েছে মার্কিন উড়োজাহাজ নির্মাতা সংস্থা বোয়িং। ২০২০ সাল থেকে বিভিন্ন উৎপাদনকেন্দ্রিক সমস্যার কারণে এ মডেলের উড়োজাহাজ সরবরাহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে সরবরাহ আবারো চালু করার অনুমতি দিয়েছে মার্কিন ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)। খবর এপি।
এ বিষয়ে বোয়িং জানায়, এফএএ ও আমাদের ভোক্তাদের সঙ্গে বোয়িং ৭৮৭ উড়োজাহাজটি সরবরাহ আবার চালু করার বিষয়ে আমরা স্বচ্ছতা বজায় রাখব। উড়োজাহাজটির সরবরাহ আবারো চালু করলে বেশ লাভবান হবে প্রতিষ্ঠানটি।
এর আগে ২০২০ সালে ফিউজলেজ প্যানেলের মধ্যে ক্ষুদ্র ফাঁকা জায়গা পাওয়া যায়। এ নিয়ে সমালোচনা হয় বোয়িংকে নিয়ে।
সমস্যার সমাধান করতে টাইটেনিয়াম অংশ প্রতিস্থাপন করে বোয়িং। পরবর্তী সময়ে দেখা যায়, বোয়িংয়ের ইতালিয়ান সরবরাহকারী যে সংকর ধাতুটি ব্যবহার করেছে, তা এফএএর নির্ধারিত মানের সঙ্গে খাপ খায় না। তবে এতে নিরাপত্তায় বিভ্রাট ঘটার কোনো আশঙ্কা নেই বলে বরাবর বক্তব্য দিয়ে আসছে বোয়িং। এদিকে উড়োজাহাজটি সরবরাহ আবার শুরু করার প্রস্তুতি নিচ্ছে বোয়িং। আগস্টে দুটি বোয়িং ৭৮৭ উড়োজাহাজ সরবরাহ পাওয়ার আশা করছে আমেরিকান এয়ারলাইনস।









