জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নীতি ও প্রশাসন বিভাগকে পৃথক করার খসড়া অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ অনুমোদন দেয়া হয়েছে। এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বণিক বার্তাকে তথ্যটি জানিয়েছেন।
এনবিআরের নীতি ও প্রশাসন বিভাগ পৃথক করতে উদ্যোগ
উল্লেখ্য, কর ব্যবস্থায় দক্ষতা ও স্বচ্ছতা বাড়াতে বিশ্বের অনেক দেশই কর নীতি ও কর সংগ্রহ কার্যক্রমকে পৃথক করার পথে হেঁটেছে। বাংলাদেশে এ উদ্যোগ শুরু হয়েছিল ২০০৭-০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে। যদিও পরে তা আর আলোর মুখ দেখেনি। দায়িত্ব গ্রহণের পর বর্তমান অন্তর্বর্তী সরকারও রাজস্ব কার্যক্রম সংস্কারের আওতায় কর নীতি ও কর সংগ্রহ কার্যক্রমকে পৃথক করার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের মতো বহুজাতিক দাতা সংস্থাগুলোর পক্ষ থেকেও এটি বাস্তবায়নের জন্য চাপ রয়েছে। এরই ধারাবাহিকতায় সম্প্রতি রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি স্বতন্ত্র বিভাগ গঠনের প্রস্তাব সংবলিত একটি অধ্যাদেশের খসড়া প্রণয়ন করেছে সরকার।














