পূবালী ব্যাংক পিএলসির অনুমোদিত মূলধন ২ হাজার কোটি থেকে বাড়িয়ে ৪ হাজার কোটি টাকায় উন্নীত করার প্রস্তাব অনুমোদন করেছেন শেয়ারহোল্ডাররা। ভার্চুয়াল প্লাটফর্মের মাধ্যমে গতকাল অনুষ্ঠিত ব্যাংকটির সপ্তম বিশেষ সাধারণ সভায় (ইজিএম) এ অনুমোদন দেয়া হয়। এ লক্ষ্যে ১০ টাকা অভিহিত মূল্যের সাধারণ শেয়ারের সংখ্যা ২০০ কোটি থেকে বাড়িয়ে ৪০০ কোটি করার সিদ্ধান্তও অনুমোদিত হয়েছে। পূবালী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ইজিএমে সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মনজুরুর রহমান। এ সভায় পর্ষদ পরিচালক আজিজুর রহমান, মো. আব্দুর রাজ্জাক মন্ডল, রানা লায়লা হাফিজ, মোস্তফা আহমেদ, আরিফ আহমেদ চৌধুরী, ড. শাহিনুজ্জামান ইয়াকুব, কবির আহমেদ, সাজিদ আজাদ এবং স্বতন্ত্র পরিচালক ড. হাসিনা শেখ অংশ নেন। এ সময় ব্যাংকের প্রধান অর্থ কর্মকর্তা ও মহাব্যবস্থাপক মোহাম্মদ লিটন মিয়া এবং কোম্পানি সচিব ও মহাব্যবস্থাপক মো. আনিসুর রহমানসহ উল্লেখযোগ্যসংখ্যক শেয়ারহোল্ডার ভার্চুয়ালি যুক্ত ছিলেন।
সভায় ব্যাংকের সংঘস্মারকের ক্লজ ভি এবং সংঘবিধির আর্টিকেল ৪(এ)(আই) সংশোধনের প্রস্তাবও অনুমোদিত হয়। এছাড়া অনুমোদিত মূলধন বৃদ্ধি ও সংশ্লিষ্ট সংশোধনগুলো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে কার্যকর হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।










