পাবনার ব্যবসায়ী ও এআর গ্রুপের মালিক আইনুল হকের নামে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। ইসলামী ব্যাংক, পাবনা শাখার দায়ের করা একটি মামলায় তার বিরুদ্ধে এ গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। সম্প্রতি চিফ জুডিশিয়াল আমলি আদালত-১ এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। তবে এখন পর্যন্ত পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি।
আদালত সূত্রে জানা যায়, ব্যবসায়ী আইনুল হক ইসলামী ব্যাংক পাবনা শাখা থেকে ঋণ নিয়ে সময়মতো পরিশোধ করেননি। সম্প্রতি এটি খেলাপি ঋণে পরিণত হয়। ব্যাংকের পক্ষ থেকে বারবার তাগাদা দেয়া হলেও ঋণ পরিশোধে কোনো সদিচ্ছা দেখাননি তিনি। এজন্য আদালতে মামলা করে ব্যাংকের পাবনা শাখা। এনআই অ্যাক্টের অধীনে তার বিরুদ্ধে সাতটি মামলা করে শাখাটি। এর মধ্যে প্রথম দুটি মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হলে চলতি বছরের ১২ ও ১৭ জানুয়ারি আদালতে উপস্থিত হয়ে জামিন আবেদন করেন তিনি। এতে ওই দুই মামলায় তার জামিন মঞ্জুর করেন আদালত। তবে কর ফাঁকির কারণে আদালত থেকে আরো চারটি মামলায় তার নামে সমন জারি করা হয়েছে।
ইসলামী ব্যাংকের সংশ্লিষ্ট শাখা সূত্রে জানা গিয়েছে, আইনুল হক ও দাদা সোর্সিংয়ের স্বত্বাধিকারী তার ছেলে আহসানুল হকের নামে আরো কয়েকটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে ইসলামী ব্যাংক, পাবনা শাখা। দাদা সোর্সিংয়ের নামে পাবনা ইসলামী ব্যাংক থেকে ১৬৮ কোটি টাকা ঋণ নেন তারা। যার বর্তমান স্থিতি দাঁড়িয়েছে প্রায় ২৪৯ কোটি টাকায়। এর মধ্যে ১৩৮ কোটি টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে। শ্রেণীকৃত ঋণে পরিণত হয়েছে প্রায় ৬৫ কোটি টাকা।
এ বিষয়ে ইসলামী ব্যাংকের পাবনা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান মো. জিল্লুর রহমান জানান, ব্যাংক লগ্নি আদায়ের জন্য বহু চেষ্টা করেও খেলাপি ব্যক্তির কাছ থেকে ঋণ পরিশোধের কোনো সহযোগিতা পায়নি। এজন্য আদালতের দ্বারস্থ হয়েছেন তারা। আদালতের মাধ্যমে আইনুল হক ও তার ছেলে আহসানুল হক ঋণ পরিশোধ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।










