কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান ওপেনএআই এবার হিউম্যানয়েড বা মানব আকৃতির রোবট তৈরির বাজারে প্রবেশ করছে। সম্প্রতি ওপেনএআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) স্যাম অল্টম্যান জানান, তার কোম্পানি হিউম্যানয়েড রোবট নিয়ে কাজ করছে ও খুব দ্রুত এর একটি ঝলক দেখা যেতে পারে। খবর ইন্ডিয়া টুডে।
সোর্সেস নামে পডকাস্টে কথা বলার সময় স্যাম অল্টম্যান বলেন, ‘পৃথিবীটা মূলত মানুষের জন্য তৈরি। ফলে মানুষের জীবনযাত্রার সঙ্গে খাপ খাওয়াতে মানব আকৃতির রোবটই সবচেয়ে বেশি কার্যকর। অন্যান্য কাঠামোর তুলনায় হিউম্যানয়েড রোবট খুব সহজে দরজা খোলা বা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ও সরঞ্জাম ব্যবহার করতে পারে।’
কবে নাগাদ রোবটটির দেখা মিলবে—এমন প্রশ্নে স্যাম অল্টম্যান ফরচুন সাময়িকীকে জানান, ২০২৭ সালে রোবটটির একটি ডেমো প্রদর্শনের সম্ভাবনা রয়েছে। তবে রোবট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের অংশ হতে আরো কিছুটা সময় লাগবে বলে জানান তিনি।
রোবটের বাহ্যিক অবয়ব বা নকশার চেয়ে কোম্পানিটি এর অভ্যন্তরীণ পরিচালন ব্যবস্থার ওপর বেশি জোর দিচ্ছেন বলে জানান ওপেনএআই সিইও। তিনি বলেন, ‘রোবট দেখতে কেমন হবে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এটিকে সচল রাখার মতো একটি সঠিক মস্তিষ্ক বা বুদ্ধিমত্তা তৈরি করা।’
মূলত একটি হিউম্যানয়েড রোবটে চলনক্ষম হাত, পা ও আঙুল থাকে। তবে পরিবেশ বিশ্লেষণ ও চলাফেরা পরিচালনার জন্য এটি ক্যামেরা ও সেন্সর থেকে পাওয়া তথ্যের ওপর নির্ভর করে কাজ করে।
শিল্পসংশ্লিষ্টদের মতে, রোবোটিকসের প্রয়োজনীয় এআই মডেল তৈরির লক্ষ্য নিয়ে গত বছরই একটি হিউম্যানয়েড রোবোটিকস ল্যাব প্রতিষ্ঠা করে ওপেনএআই। বর্তমানে মোশন কন্ট্রোল, রোবটের আচরণ নির্ধারণ ও বড় আকারের উৎপাদন ব্যবস্থা তৈরির উদ্দেশ্যে অন্তত ২৭টি পদ খালি রেখে নিয়োগপ্রক্রিয়া চালাচ্ছে প্রতিষ্ঠানটি।
এর আগে ওপেনএআইয়ের গবেষণা প্রকল্পের মাধ্যমে একটি রোবোটিক হাতকে ভৌগোলিক বস্তু নাড়াচাড়া ও রুবিকস কিউব মেলাতে প্রশিক্ষণ দেয়া হয়েছিল। তবে সাম্প্রতিক বছরগুলোয় বৈশ্বিক হিউম্যানয়েড রোবট বাজারে তীব্র প্রতিযোগিতা তৈরি হয়েছে। একদিকে যুক্তরাষ্ট্রের টেসলা কাজ করছে ‘অপ্টিমাস’ রোবট নিয়ে, অন্যদিকে চীনের ‘ইউনিট্রি’ ও ‘এক্সপং’-এর মতো প্রতিষ্ঠানগুলো এরই মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে হাঁটার উপযোগী রোবট বাজারজাতকরণে বড় অগ্রগতি অর্জন করেছে।










