জুলাইয়ে নিউজিল্যান্ডের বাড়ির দাম কমেছে। এ নিয়ে গত ১১ বছরে প্রথমবারের মতো দেশটির বাড়ির দামে পতন হয়েছে। নিউজিল্যান্ডের রিয়েল এস্টেট ইনস্টিটিউট (আরইআইএনজেড) এ তথ্য জানিয়েছে। খবর নিক্কেই এশিয়া।
আরইআইএনজেডের মতে, জুলাইয়ে বাড়ির ঋতুগতভাবে সামঞ্জস্যপূর্ণ গড় দাম আগের মাসের তুলনায় ২ দশমিক ৮ শতাংশ কমেছে। বছরওয়ারি হিসাবে দাম কমার হার ১ দশমিক ৬ শতাংশ। দাম সামঞ্জস্য না করা হলে বছরওয়ারি কমার হার দাঁড়ায় ১ দশমিক ৮ শতাংশে।
আরইআইএনজেডের প্রধান নির্বাহী জেন বেয়ার্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বাড়ির গড় দাম কমার বড় একটি কারণ মানুষের ক্রয়ক্ষমতা কমে যাওয়া। ক্রমবর্ধমান সুদের হার, মূল্যস্ফীতি ও কঠোর ঋণ মানদণ্ডের কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে।
২০২১ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরে নিউজিল্যান্ডের বাড়ির দাম ৪০ শতাংশেরও বেশি বেড়েছে। তবে এরপর থেকেই ঋণের কঠোর মানদণ্ড ও ক্রমবর্ধমান বন্ধকী ঋণের সুদের হার দাম কমাতে প্ররোচিত করছে।
কিউইব্যাংকের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ জেরেমি কাউচম্যান বলেন, বাড়ির দামে ১১ বছরের মধ্যে প্রথম পতন একটি ধাক্কা হতে পারে। তবে এখানে উল্লেখ করা প্রয়োজন যে এ পতনের কারণে বাড়ির দাম গত মে মাসের স্তরে ফিরেছে। বর্তমান প্রবণতা বাড়ির দাম আরো কমিয়ে দিতে প্ররোচিত করছে বলেও মনে করেন তিনি।








