আগামী বছর ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে খাদ্যশস্য উত্পাদন বাড়ার পূর্বাভাস দিয়েছে কোচেরাল। অনুকূল আবহাওয়া ও আকর্ষণীয় দাম উত্পাদন বাড়াতে সহায়তা করছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা।

কোচেরাল জানায়, আগামী বছর খাদ্যশস্য উত্পাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৩০ কোটি ৪৪ লাখ টনে। চলতি বছর ২৮ কোটি ৫১ লাখ টনের প্রাক্কলন করা হয়েছে। এর মধ্যে চলতি বছর ১৪ কোটি ৭ লাখ টন গম উত্পাদনের সম্ভাবনা রয়েছে। আগামী বছর তা বেড়ে ১৪ কোটি ৩২ লাখ টনে উন্নীত হতে পারে। স্পেনে খরা পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। এতে দেশটিতে গম উত্পাদন ৫১ লাখ টন থেকে বেড়ে ৬৮ লাখ টনে উন্নীত হবে।

ইইউ অঞ্চলে আগামী বছর ছয় কোটি টন যব উত্পাদনের পূর্বাভাস দিয়েছে কোচেরাল। চলতি বছর উত্পাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৫ কোটি ৮৫ লাখ টনে। অর্থাৎ উত্পাদন স্বল্প পরিমাণে বাড়বে। এদিকে ভুট্টা উত্পাদনের পরিমাণ দাঁড়াতে পারে ৬ কোটি ৪৫ লাখ টনে। চলতি বছর ৫ কোটি ৭ লাখ টনের প্রাক্কলন করা হয়েছে। হাঙ্গেরি, ফ্রান্স, জার্মানি ও ইতালিতে আবাদ পরিস্থিতির উন্নতি হওয়ায় উত্পাদন বাড়ার প্রত্যাশা তৈরি হয়েছে। তবে এ সময় তেলবীজ উত্পাদন কিছুটা কমতে পারে।