জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়ে প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় বেড়েছে। জাপানও এর ব্যতিক্রম নয়। সম্প্রতি দেশটির চিবা অঞ্চলে আকস্মিক ও ভারি বৃষ্টির পর ভয়াবহ বন্যা দেখা দেয়। এতে রাস্তায় গাড়ি চালানোর সময় বহু চালক আটকা পড়েন। জমে থাকা পানিতে ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ায় রাস্তায় গাড়ি ফেলে যেতে বাধ্য হন অনেকেই।
সে বন্যায় অন্তত ১৩ জনের মৃত্যুসহ বিপুল ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। নোংরা পানিতে ডুবে ১০ হাজারের বেশি গাড়ি পুরোপুরি নষ্ট হয়ে গেছে বলে ধারণা কর্তৃপক্ষের। যেকোনো সময় এমন খারাপ আবহাওয়ায় নষ্ট হওয়ার ঝুঁকিতে পড়ছে নিজের মূল্যবান গাড়িটি।
তাই গাড়ির সুরক্ষায় এখন নতুন সমাধান খুঁজছেন জাপানিরা। এ পরিস্থিতিতে নজর কেড়েছে ‘স্যাম সিএস’ নামের এক বিশেষ উদ্ভাবন। এটি মূলত বিশেষ ধরনের প্লাস্টিক শিট, যা গাড়িকে মুড়িয়ে ঢেকে ফেলে। ফলে বন্যার পানি বাড়লেও গাড়িটি ডুববে না, বরং প্লাস্টিক দিয়ে ঘেরা নৌকার মতো ভাসতে থাকবে।
এটি ব্যবহার করা বেশ সহজ। মাত্র ১০ মিনিটে সেট করা যায়। প্রথমে নিচের শিটের ওপর গাড়ি দাঁড় করাতে হয়। এরপর শোষক কাপের মাধ্যমে দুপাশ আটকে দেয়া হয়। ওপর থেকে আরেকটি শিট দিয়ে ঢেকে দিলে ভেতরে পানি ঢুকতে পারে না।
গাড়িটি যাতে পানিতে ভেসে অন্যদিকে চলে না যায়, সেজন্য একটি বিশেষ রশি বা বেল্টও রয়েছে। একটি মাঝারি আকারের গাড়ির জন্য এ শিটের দাম ৮৮ হাজার ইয়েন।
পণ্যটি তৈরি করেছে অনোদা স্যাংগিও নামের প্রতিষ্ঠান। ২০২৪ সালে এটি প্রথম বাজারে আসে। ওই বছর বিক্রিতে ভালো সারা মিললেও সাম্প্রতিক বন্যার পর মাত্র দুই সপ্তাহে ৩০টির বেশি অর্ডার পেয়েছে প্রতিষ্ঠানটি। —খবর ও ছবি জাপান টুডে










