ফেনীর পরশুরাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশী মো. ইয়াছিন লিটনের (৪৫) মরদেহ ২১ ঘণ্টা পর হস্তান্তর করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিলোনিয়া চেকপোস্ট এলাকায় বিজিবি ও পুলিশের উপস্থিতিতে মরদেহটি হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি ও পুলিশের উপস্থিতিতে লিটনের বাবা মনির আহম্মদ ছেলের মরদেহ গ্রহণ করেন।

20250725_211954

এ সময় ফেনী ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন, বিএসএফের ৪৩ ব্যাটালিয়নের অধিনায়ক এএস বীরেন্দ্র সিং, পরশুরাম মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম, ভারতের বিলোনিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবু রঞ্জন দে সহ বিজিবি-বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।

পরশুরাম থানার ওসি মোহাম্মদ নুরুল হাকিম জানান, বিএসএফ রাতে লিটনের মরদেহ হস্তান্তর করে। পরে ময়নাতদন্তের জন্য তা ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এর আগে, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার গুথুমা বিওপির আওতাধীন ২১৬৪/৩এস পিলার অতিক্রম করে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছে যান লিটন, মিল্লাত ও আফছার। তখন তাদের লক্ষ্য করে বিএসএফের সদস্যরা গুলি ছোড়েন। এ সময় গুলিবিদ্ধ লিটনকে ভারতে নিয়ে যায় বিএসএফ। সেখানে বিলোনিয়ার একটি হাসপাতালে তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মিল্লাত ও আফছারকে উদ্ধার করে প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মিল্লাতের মৃত্যু হয়।