ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস যৌথভাবে সেন্টার ফর ডেভেলপমেন্ট ইনোভেশন অ্যান্ড প্র্যাকটিসেস (সিডিআইপি) কর্তৃক ইস্যুকৃত প্রথম জিরো-কুপন বন্ড সফলভাবে সম্পন্ন করেছে। এ উপলক্ষে সম্প্রতি এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান এবং সিডিআইপির নির্বাহী পরিচালক মিফতা নাইম হুদাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। মূলত সিডিআইপির অর্থায়নের উৎস বৈচিত্র্যকরণ এবং প্রচলিত অর্থায়ন ব্যবস্থার ওপর নির্ভরতা হ্রাসের কৌশলগত উদ্যোগের অংশ হিসেবে ১৭১ কোটি টাকা মূল্যমানের এ বন্ড ইস্যু করা হয়। এর সফল সাবস্ক্রিপশন সুগঠিত নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের ওপর বিনিয়োগকারীদের ক্রমবর্ধমান আগ্রহ ও প্রতিষ্ঠিত মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোর ওপর বাজার আস্থার প্রতিফলন। সিডিআইপির প্রথম জিরো-কুপন বন্ডের সফল ইস্যু ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টসের যৌথ সক্ষমতার প্রতিফলন। প্রতিষ্ঠান দুটির ইনোভেটিভ ফাইন্যান্সিয়াল সলিউশন উন্নয়নমূলক উদ্যোগে উল্লেখযোগ্য মূলধন সংগ্রহ, বেশি বিনিয়োগকারীর অংশগ্রহণ এবং দেশের ক্রমবর্ধমান ডেট মার্কেটে একটি নিরাপদ ও কর-সাশ্রয়ী বিনিয়োগ সুযোগ সৃষ্টি নিশ্চিত করতে ভূমিকা রাখছে। —বিজ্ঞপ্তি