চলতি মূলধনের ঘাটতিতে থাকা সিএমএসএমই প্রতিষ্ঠানগুলোর পরিচালন সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ ব্যাংকের পাঁচ হাজার কোটি টাকার ‘সিএমএসএমই খাত সম্পর্কিত ওয়ার্কিং ক্যাপিটাল পুনঃঅর্থায়ন স্কিম’-এ যুক্ত হয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)। এ উদ্যোগের মূল লক্ষ্য হলো ক্ষুদ্র, কুটির, ছোট ও মাঝারি শিল্প খাতের ব্যবসার ধারাবাহিকতা রক্ষা, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

গত ৮ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তি হস্তান্তরিত হয়। বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমইএসপিডি)-এর পরিচালক মো: জবদুল ইসলাম এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও চৌধুরী আখতার আসিফ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি বিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এছাড়া বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান, অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমটিবির হেড অব এসএমই অ্যান্ড এগ্রি ব্যাংকিং ডিভিশন সঞ্জীব কুমার দেসহ উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

তফসিলি ব্যাংকগুলোর উদ্বৃত্ত তরল অর্থ দিয়ে গঠিত বাংলাদেশ ব্যাংকের এই ঘূর্ণায়মান (রিভলভিং) তহবিলের মেয়াদ তিন বছর। এই স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক থেকে ৪ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন সুবিধা পাবে, আর গ্রাহক পর্যায়ে সর্বোচ্চ সুদহার হবে ৯ শতাংশ। প্রযোজ্য শর্তসাপেক্ষে গ্রাহকরা ৩-৬ মাসের গ্রেস পিরিয়ড সুবিধা পেতে পারেন।

তহবিলটির মূল লক্ষ্য হলো এমন সব সিএমএসএমই প্রতিষ্ঠানকে সহায়তা করা, যারা পর্যাপ্ত চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় ব্যবসা পরিচালনা করতে পারছে না। তবে সিআইবি খেলাপী ঋণগ্রহীতারা এই স্কিমের আওতাভুক্ত হবেন না।— সংবাদ বিজ্ঞপ্তি