বিজ্ঞাপন সংস্থাগুলোর সংগঠন অ্যাডভার্টাইজিং এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এএএবি) বাংলাদেশের জন্য গুগলের অনুমোদিত অংশীদার আলেফের সহযোগিতায় এআই-চালিত বিজ্ঞাপন বিষয়ে একটি এক্সক্লুসিভ সরাসরি সেশনের আয়োজন করেছে। এএএবি সদস্য এজেন্সিগুলোর সিনিয়র নেতৃত্বকে কেন্দ্র করে আয়োজিত ই ক্লোজড-ডোর সেশনটি গতকাল অনুষ্ঠিত হয়।
সেশনটি পরিচালনা করেন টারা ইউন, গুগল অ্যাডস বিজনেস লিড (বাংলাদেশ ও শ্রীলংকা)। প্রায় দুই দশকের ডিজিটাল মার্কেটিং অভিজ্ঞতা নিয়ে তিনি বিভিন্ন উদীয়মান বাজারে গুগলের বিজ্ঞাপন সমাধান ও ইকোসিস্টেম উন্নয়নে কাজ করে আসছেন।
অনুষ্ঠানে এএএবির পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সানাউল আরেফিন, সাধারণ সম্পাদক সৈয়দ আহসানুল আপন এবং যুগ্ম সম্পাদক এমএ মারুফ। আলেফের পক্ষে উপস্থিত ছিলেন এহসানুল হক, কান্ট্রি ডিরেক্টর (বাংলাদেশ ও শ্রীলংকা) এবং আহসানুর রহমান, পার্টনার ডিরেক্টর (বাংলাদেশ ও শ্রীলংকা)।
এ সেশনে দেশের মোট ২২টি বিজ্ঞাপন সংস্থা অংশ নেয়। এতে প্রতিষ্ঠিত পূর্ণাঙ্গ বিজ্ঞাপন সংস্থার পাশাপাশি ডিজিটাল মিডিয়াকেন্দ্রিক এজেন্সিগুলোর উপস্থিতি ছিল, যা বাংলাদেশের বিজ্ঞাপন ও মিডিয়া খাতের ক্রমবর্ধমান পরিসর এবং পরিপক্বতাকে প্রতিফলিত করে।
আলোচনায় টারা ইউন ব্যাখ্যা করেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) কীভাবে গুগলের বিজ্ঞাপন ইকোসিস্টেমে মিডিয়া পরিকল্পনা, পারফরম্যান্স অপটিমাইজেশন, ক্রিয়েটিভ কার্যকারিতা এবং মেজরমেন্ট প্রক্রিয়াকে আরো কার্যকর করে তুলছে। —বিজ্ঞপ্তি








