কৃষকদের সুবিধার জন্য উৎপাদিত ফসল সংগ্রহ করতে ও শস্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে প্রকিউরমেন্ট হাব চালু করেছে আইফার্মার। দিনাজপুর জেলার বীরগঞ্জে সম্প্রতি এটির উদ্বোধনী অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশে ফসল কাটার পর কৃষকরা তাদের শস্য বিক্রি করা নিয়ে নানামুখী সমস্যার সম্মুখীন হন। কৃষকরা তাদের কষ্টে উৎপাদিত ফসল কম দামে বিক্রি করে দিতে বাধ্য হন। অথবা পরে ক্রেতারা শস্য কিনতে না চাইলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। এখন কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হওয়া ছাড়াই আইফার্মারের প্রকিউরমেন্ট হাবে স্বাচ্ছন্দ্যে নিজেদের শস্য বিক্রি করার সুযোগ পাবেন কৃষকরা। 

প্রকিউরমেন্ট হাবটিতে প্রায় ২০ হাজার টন শস্য সংগ্রহ করে রাখার সুবিধা রয়েছে। হাবটি হাইওয়ে সংলগ্ন স্থানীয় বাজারের মাঝেই অবস্থিত, যেখানে কৃষকরা সহজেই তাদের ফসল নিয়ে আসতে পারবেন। অতিরিক্ত খরচ কমিয়ে এনে, সময় বাঁচিয়ে ও অন্যান্য সুবিধা যুক্ত করার মাধ্যমে এ প্রকিউরমেন্ট হাব থেকে কৃষকরা যেন বেশি লাভ করতে পারেন, তা নিশ্চিত করা হবে। এরই মধ্যে হাবটি ডিজিটাল স্কেল মিটার পরিষেবা ব্যবহার করে স্বচ্ছতার সঙ্গে কৃষকদের থেকে ধান, চাল, ভুট্টা ও সরিষা সংগ্রহ করে কার্যক্রম শুরু করেছে। 

বর্তমানে, ৫০০ জন কৃষক, ৫০ জন রিটেইলার, ৫০ জন ফড়িয়া এবং ৬০ জন সাপ্লায়ার এ প্রকিউরমেন্ট হাবের তালিকাভুক্ত রয়েছেন। এ বিষয়ে আইফার্মারের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ফাহাদ ইফাজ বলেন, ‘ভালো মানের শস্য উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে ও ন্যায্যমূল্যে শস্য বিক্রিতে তাদের সহায়তা করতে এ প্রকিউরমেন্ট হাব গড়ে তোলা হয়েছে। স্মার্ট কৃষি গড়ে তোলার ক্ষেত্রে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’

প্রকিউরমেন্ট হাবের উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আইফার্মারের সহপ্রতিষ্ঠাতা ও চিফ অপারেটিং অফিসার জামিল মহিউদ্দিন আকবর, দিনাজপুর কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, বীরগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম প্রমুখ। —বিজ্ঞপ্তি