আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ ও আদায় মেলা উপলক্ষে মৌলভীবাজারে গ্রাহক সমাবেশ করেছে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড (বিডিবিএল) মৌলভীবাজার শাখা। সমাবেশে ব্যাংকের ই-অ্যাকাউন্ট, মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড পরিচয় করিয়ে দেয়া হয় স্থানীয় গ্রাহকদের কাছে।
গতকাল বিকালে বিডিবিএল ব্যাংকের হল রুমে আয়োজিত গ্রাহক সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের মহাব্যবস্থাপক (জিএম) পরিতোষ সরকার। এতে সভাপতিত্ব করেন মৌলভীবাজার শাখার ব্যবস্থাপক আশরাফ উল আলম। এ সময় বিভিন্ন খাতে প্রায় ৬০ লাখ টাকার ঋণ বিতরণ ও প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ করা হয়। এছাড়া একদিনে ৯০ লাখ টাকার আমানত সংগ্রহ করা হয়।
ব্যাংকের শাখা ব্যবস্থাপক আশরাফ উল আলম জানান, ১৭ মে থেকে ১৬ জুন পর্যন্ত ব্যাংকের আমানত সংগ্রহ এবং ঋণ বিতরণ ও আদায় মেলা চলবে। সমাবেশে ৭০ লাখ টাকার ঋণ মঞ্জুরি করা হয়, যা প্রক্রিয়াধীন আছে। গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চেষ্টা করছে সরকারি এ বাণিজ্যিক ব্যাংক।










