লালমনিরহাটে বেড়েছে চালের দাম।
প্রতি কেজি চালের দাম ৩-৪ টাকা করে বেড়েছে।
উৎপাদন ঘাটতি ও ধানের ঊর্ধ্বমুখী দামের কারণে চালের দাম বাড়ছে বলে জানান ব্যবসায়ীরা।
কৃষিপণ্যটির দাম বাড়ায় বিপাকে পড়েছে সাধারণ মানুষ।
সম্প্রতি লালমনিরহাটের বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে, মোটা চাল বাজারভেদে পাইকারিতে ৪৪-৪৫ ও খুচরা পর্যায়ে ৪৬-৪৮ টাকা বিক্রি হচ্ছে।
পাইজাম চাল পাইকারিতে ৫১-৫২ ও খুচরা পর্যায়ে ৫৩-৫৪ টাকা, স্থানীয় উৎপাদিত আটাশ ও স্বর্ণা জাতের চাল পাইকারিতে ৪৬-৪৭ এবং খুচরা পর্যায়ে ৫০-৫১ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।
এছাড়া জিরা ও নাজিরশাইল চাল ৫৮-৬০ টাকা দরে প্রতি কেজি বিক্রি হচ্ছে।
এদিকে কাঁচামরিচের দাম বেড়েছে দ্বিগুণ।
৭০-৮০ টাকা কেজি দরে বিক্রি হওয়া কাঁচামরিচ এখন ১৮০ টাকায় বিক্রি হচ্ছে।
পেঁয়াজ ও রসুনের দাম স্বাভাবিক রয়েছে।
লালমনিরহাট সদর উপজেলার থানাপাড়া এলাকার ব্যবসায়ী আলম জানান, ১০ আগস্ট তিনি ২৫ কেজি পাইজাম চাল কিনেছেন।
প্রতি কেজি চালের দাম ৫৯ টাকা করে পরিশোধ করেছেন।
অথচ গত জুলাইয়েও একই জাতের চাল ৫৩ টাকা দামে কেনেন।
এক-দেড় মাসের ব্যবধানে প্রতি কেজি চালের দাম ৬-৭ টাকা বেড়েছে।
লালমনিরহাটের বুড়িমারী স্থলবন্দর ব্যবহারকারী স্থানীয় বন্ধু ট্রেডার্সের স্বত্বাধিকারী ও মেসার্স তাসনিম এন্টারপ্রাইজ সিঅ্যান্ডএফ এজেন্টের সাইনিং অথরিটি শামীম হোসেন বলেন, চালের বাজার কিছুটা অস্থির।
চাল আমদানির মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করার এখনই সময়।
বুড়িমারী স্থলবন্দর কাস্টমস সূত্র জানায়, রাজধানী ঢাকার উত্তরা এলাকার মেসার্স অনন্যা ট্রেডার্সের মালিক অনন্যা আক্তার নামে এক ব্যবসায়ী চলতি মাসে ৩৫ টন চাল আমদানি করেছেন।
এছাড়া এ বন্দরে আর কোনো ব্যবসায়ী এলসি খোলেননি।
লালমনিরহাট গোসালা বাজারের পাইকারি ও খুচরা চাল ব্যবসায়ী মেসার্স দেওয়ান অ্যান্ড সন্সের প্রোপ্রাইটর মো. মোসলেম উদ্দিন দেওয়ান বলেন, বর্তমানে প্রতি কেজি চালের দাম ৪-৫ টাকা বেড়েছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়া, করোনার প্রভাব, পরিবহন ভাড়া বৃদ্ধি, উৎপাদন কম ও সরবরাহ সংকটের কারণে দাম বেড়েছে।
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি ও শিল্পোদ্যোক্তা শেখ আব্দুল হামিদ বাবু বলেন, করোনা সংকট ও উৎপাদন ঘাটতির কারণে চালের দাম কিছুটা বেড়েছে।
বর্তমানে ব্যবসায়ী ও সরকারের ঘরে যে চাল রয়েছে, তা দিয়ে চলতি আমন মৌসুম শেষ করা যাবে না।
সরকার কিছু চাল আমদানি করে বাজার আরো সহজভাবে নিয়ন্ত্রণ করতে পারে।










