বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) তিন তরুণ স্কোয়াশ খেলোয়াড় পাকিস্তানের লাহোরে অনুষ্ঠেয় প্রফেশনাল স্কোয়াশ অ্যাসোসিয়েশন (পিএসএ) টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছেন। ইস্পাহানি গ্রুপ ও এবিসি রিয়েল এস্টেটের পৃষ্ঠপোষকতায় তারা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। ইস্পাহানি গ্রুপের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়। আগামী ২৬-৩০ সেপ্টেম্বর লাহোরে আন্তর্জাতিক এ স্কোয়াশ টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। এতে বাংলাদেশের হয়ে অংশগ্রহণের জন্য নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম, সাইমুন ইসলাম ও পারভেজ করিম।
প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশের তরুণ খেলোয়াড়রা বিভিন্ন দেশের স্কোয়াশ খেলোয়াড়দের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। একই সঙ্গে এ অংশগ্রহণের মাধ্যমে সম্ভাবনাময় স্কোয়াশ খেলোয়াড়দের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের তুলে ধরার সুযোগ তৈরি হবে। ইস্পাহানি জানায়, দেশের তরুণ প্রতিভার বিকাশ এবং ক্রীড়াঙ্গনের অগ্রযাত্রায় সহযোগিতার ধারাবাহিকতায় তারা এ উদ্যোগ নিয়েছে। ভবিষ্যতেও দেশের সম্ভাবনাময় খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরিতে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা প্রতিষ্ঠানটির।










