লালমনিরহাটে ঊর্ধ্বমুখী তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বাজার। এক সপ্তাহের ব্যবধানে এলপিজি রিফিল সিলিন্ডারের পাইকারি দাম ৯৫০ থেকে বেড়ে ১ হাজার ৫০ টাকায় উন্নীত হয়েছে। খুচরা বাজারে প্রতিটি সিলিন্ডার ১ হাজার ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

জানা গেছে, ৭-৮ জুলাই বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন কর্তৃক রাজধানীর বিয়াম ফাউন্ডেশন কার্যালয়ের অডিটরিয়াম হলে এলপিজির মূল্যহার (ট্যারিফ) নিয়ে গণশুনানি এবং মূল্য নির্ধারণ করার কথা ছিল। কিন্তু লকডাউনের কারণে মূল্যহার নির্ধারণ ও গণশুনানির তারিখ বাতিল করা হয়। এ সুযোগ কাজে লাগিয়ে এক শ্রেণীর এলপিজি সিলিন্ডার পরিবেশক এবং এলপিজি বোতল উৎপাদন ও সরবরাহকারী কোম্পানি বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বাড়িয়ে দিয়েছেন।

লালমনিরহাটের ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, জুনের প্রথম দিকে খুচরা বাজারে প্রতিটি এলপিজি সিলিন্ডার ৮৬০-৯০০ টাকায় বিক্রি করা হয়। জুনের শেষ সপ্তাহে ৯২০-৯৪০ টাকা দরে বিক্রি হয়েছিল। গত বৃহস্পতিবার থেকে প্রতিটি সিলিন্ডার খুচরা পর্যায়ে ১ হাজার ৫০ থেকে ১ হাজার ১০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

লালমনিরহাটে যমুনা এলপিজি সিলিন্ডারের পরিবেশক হাসান মো. হাফিজুর রহমান বলেন, বাজারে এলপিজির সরবরাহ নেই। এছাড়া বর্ষাকালে এলপিজি সিলিন্ডারের ব্যবহার বৃদ্ধির কারণেও কিছুটা সংকট হয়।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর বলেন, যদি কোনো ব্যবসায়ী বাজারে এলপিজি সিলিন্ডার সংকট সৃষ্টি ও দাম বৃদ্ধি করে, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।