ওষুধ খাতের তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালসের এমডি তপন চৌধুরী কোম্পানিটির ২০ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। ডিএসইর পাবলিক কিংবা ব্লক মার্কেট থেকে বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে এ শেয়ার কিনবেন তিনি। গতকাল কোম্পানিটির শেয়ারদর অনুসারে ২০ লাখ শেয়ারের বাজারমূল্য ৪০ কোটি ৮০ লাখ টাকা।

আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮ টাকা ৩৫ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৮৭ পয়সা। ৩০ সেপ্টেম্বর ২০২৫ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬৭ টাকা ৫০ পয়সায়।

সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ১২০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৭ টাকা ৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৩ টাকা ৬১ পয়সা।

১৯৯৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিশোধিত মূলধন ৮৮৬ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২ হাজার ৯০৫ কোটি ৪ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ৬৪ লাখ ৫১ হাজার ১০। এর ৪৩ দশমিক ৫৯ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৪ দশমিক ৪৯, বিদেশী বিনিয়োগকারী ১৪ দশমিক ৬০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ২৭ দশমিক ৩২ শতাংশ শেয়ার রয়েছে।

ডিএসইতে গতকাল স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার সর্বশেষ ২০০ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে। গত এক বছরে শেয়ারটির দর ১৯৮ থেকে ২৩৪ টাকা ১০ পয়সার মধ্যে ওঠানামা করেছে।