ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে গম রফতানিতে চার বছর ধরে টানা মন্দা ভাব বজায় ছিল। অবশেষে গত বছর প্রবৃদ্ধির ধারায় ফিরেছে ইইউর গম রফতানি খাত। এ সময় ইইউভুক্ত দেশগুলো থেকে কৃষিপণ্যটির সম্মিলিত রফতানি আগের বছরের তুলনায় ৩৭ শতাংশের বেশি বেড়ে তিন কোটি টনের মাইলফলক ছাড়িয়ে গেছে। খবর বিজনেস রেকর্ডার ও এগ্রিমানি।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের (ইউএসডিএ) ফরেন এগ্রিকালচারাল সার্ভিস ইউরোপের গমের বাজার নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ প্রতিবেদনে বলা হয়েছে, ইইউভুক্ত দেশগুলো থেকে আন্তর্জাতিক বাজারে গম রফতানিতে সর্বশেষ ২০১৪ সালে প্রবৃদ্ধির দেখা মিলেছিল। ওই বছর ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ৩ কোটি ৫৪ লাখ ৫৫ হাজার টন গম রফতানি করেছিল। ইইউর ইতিহাসে এটাই কৃষিণ্যটির সর্বোচ্চ রফতানির রেকর্ড।
এর পর থেকে টানা চার বছর ইইউর গম রফতানিতে মন্দা ভাব দেখা গেছে। ২০১৫ ও ২০১৬ সালে এসব দেশ সম্মিলিতভাবে যথাক্রমে ৩ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টন ও ২ কোটি ৭৪ লাখ ৩৯ হাজার টন গম রফতানি করেছিল।
২০১৭ সালে এসে ইইউভুক্ত দেশগুলো থেকে গম রফতানি আরো কমে ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার টনে নেমে আসে। পরের বছর এসব দেশ থেকে কৃষিপণ্যটির রফতানি আরো দশমিক ৩১ শতাংশ কমে ২ কোটি ৩৩ লাখ ১০ হাজার টনে দাঁড়ায়।
তবে গত বছর ঘুরে দাঁড়িয়েছে ইইউর গম রফতানি খাত। ইউএসডিএর তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ইইউভুক্ত দেশগুলো সম্মিলিতভাবে ৩ কোটি ২০ লাখ টন গম রফতানি করেছে, যা আগের বছরের তুলনায় ৩৭ দশমিক ২৮ শতাংশ বেশি। মূলত বাম্পার ফলনের জের ধরে এ সময় ইইউর গম রফতানি খাত চাঙ্গা হয়ে উঠেছে। এমনকি ২০১৫ সালের পর ফের কৃষিপণ্যটির সম্মিলিত রফতানি তিন কোটি টন ছাড়িয়ে গেছে।









