বিদায়ী বছরে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে প্রাকৃতিক রাবার উৎপাদনে বড় ধরনের উল্লম্ফন দেখা গেছে। ২০১৯ সালে দেশটির বাগানগুলোয় সব মিলিয়ে ৭ লাখ ৮০ হাজার টন রাবার উৎপাদন হয়েছে, যা আগের বছরের তুলনায় ২৫ শতাংশ বেশি। দেশটির ন্যাচারাল রাবার অ্যাসোসিয়েশন (এপিআরওএমএসি) সম্প্রতি এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্স।
এপিআরওএমএসির তথ্য অনুযায়ী, নতুন বাগানগুলো থেকে রাবার সংগ্রহ শুরু হওয়ায় আইভরি কোস্টে পণ্যটির সামগ্রিক উৎপাদন বেড়েছে। আগামী বছরে দেশটিতে পণ্যটির উৎপাদন আরো বৃদ্ধির প্রত্যাশা করছে সংস্থাটি। ২০২০ সালে দেশটিতে মোট ৮ লাখ ৫০ হাজার টন রাবার উৎপাদন হতে পারে।
আইভরি কোস্ট আফ্রিকার শীর্ষ ও বিশ্বের সপ্তম শীর্ষ রাবার উৎপাদনকারী দেশ। তবে দেশটির অন্যতম রফতানি পণ্য কোকো। সম্প্রতি দেশটির কৃষকরা অধিক আয়ের আশায় কোকোর পরিবর্তে রাবার উৎপাদনে ঝুঁকেছেন, যা দেশটিতে রাবারের সামগ্রিক উৎপাদন বাড়াতে ভূমিকা রাখছে।
এপিআরওএমএসির জেনারেল সেক্রেটারি আকপানগনি আট্রোবা জানান, আইভরি কোস্টের রাবার উৎপাদন বৃদ্ধির ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকতে পারে। ২০২১ সাল নাগাদ কৃষিপণ্যটির উৎপাদন বেড়ে ৯ লাখ ৫০ হাজার টনে উন্নীত হতে পারে।
চীনের বাজারে আইভরি কোস্টে উৎপাদিত প্রাকৃতিক রাবারের শক্তিশালী চাহিদা রয়েছে বলে জানান আকপানগনি আট্রোবা। এছাড়া থাইল্যান্ড, মালয়েশিয়া, ইউরোপ ও যুক্তরাষ্ট্রেও পণ্যটির চাহিদা দিন দিন বাড়ছে।









