চীনে গাড়ি সরবরাহের অপেক্ষার সময় কমিয়েছে টেসলা। ক্রেতাদের অপেক্ষার সময় চার থেকে আট সপ্তাহে নামিয়ে এনেছে মার্কিন বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা জায়ান্টটি। মডেল ওয়াই গাড়িগুলোর জন্য এ সিদ্ধান্ত প্রযোজ্য হবে। উৎপাদন লাইন হালনাগাদ করার পর সাংহাই কারখানায় উৎপাদন বাড়ায় এমন ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
রয়টার্সের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রিয়ার-হুইল ড্রাইভ মডেল ওয়াই স্পোর্ট ইউটিলিটি ভেহিকলের (এসইউভি) জন্য অপেক্ষার সময় এখন চার থেকে আট সপ্তাহ। তবে অন্য মডেলের এসইউভি ও মডেল থ্রি সেডানের ক্রেতাদের ১২ থেকে ২০ সপ্তাহ অপেক্ষা করতে হবে।
এর আগে টেসলা জানিয়েছিল, চীনের একজন ক্রেতাকে সর্বাধিক বিক্রীত মডেলগুলোর জন্য ক্রয়াদেশ দেয়ার পর আট থেকে ২৪ সপ্তাহ অপেক্ষা করতে হবে। সংস্থাটির চীনা ওয়েবসাইটে দেয়া ঘোষণা অনুসারে, অপেক্ষার সময় কমিয়ে আনার পেছনে অন্যতম কারণ হলো সাংহাই কারখানায় উৎপাদন বৃদ্ধি পাওয়া।
গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটি সাধারণত প্রতি প্রান্তিকের শেষ দিকে গিয়ে চীনা গ্রাহকদের বেশি সরবরবাহ করে। সাংহাই কারখানায় উৎপাদন বাড়ানোর মাধ্যমে সংস্থাটি সরবরাহ ত্বরান্বিত করার চেষ্টা করছে। সম্প্রতি সংস্থাটি সাংহাই কারখানায় উৎপাদন লাইনে একটি বড় আপগ্রেড সম্পন্ন করেছে। প্রতিষ্ঠানটির সবচেয়ে কার্যকরী উৎপাদন কেন্দ্র হিসেবে বিবেচিত হয় এ কারখানা। প্রতি সপ্তাহে ২২ হাজার মডেল থ্রি ও মডেল ওয়াই গাড়ি তৈরির লক্ষ্য সামনে রেখে উৎপাদন বাড়ানো হচ্ছে।
সংস্থাটির প্রধান নির্বাহী ইলোন মাস্ক বলেন, চাহিদার সঙ্গে সংগতি রেখে গাড়ি উৎপাদন বাড়ানো টেসলার জন্য বড় একটি চ্যালেঞ্জ। আমরা বার্লিন ও টেক্সাসের কারখানায়ও উৎপাদন বাড়ানোর চেষ্টা করছি।
এর আগে কভিডজনিত নিষেধাজ্ঞায় কারখানা বন্ধ করে দিতে বাধ্য হয় টেসলা। ফলে সংস্থাটি উৎপাদন লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ে। একই কারণে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সংস্থাটির মুনাফায় নেতিবাচক প্রভাব পড়েছে। তবে কভিডজনিত নিষেধাজ্ঞা শেষেও গাড়ি উৎপাদন বাড়াতে হিমশিম খাচ্ছে সংস্থাটি। যন্ত্রাংশের ঘাটতিও এক্ষেত্রে বড় বাধা হিসেবে কাজ করছে।
উত্তর আমেরিকার বাইরে টেসলা তার সাইবারট্রাকের ক্রয়াদেশ নেয়া বন্ধ করে দিয়েছে। পাশাপাশি সংস্থাটি সরবরাহ জটিলতার বিষয়টি উল্লেখ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় মডেল থ্রি লং রেঞ্জের গাড়ির ক্রয়াদেশ নেয়াও স্থগিত করেছে।








